নৌ পুলিশের কর্মকর্তা প্রত্যাহার
প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে ও তাঁকে মারধর করার অভিযোগে চাঁদপুর নৌ পুলিশের এএসপি রিপন কুমার মদকের বিরুদ্ধে গত শনিবার বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশের ঊর্ধ্বতন বিভাগ।
স্ত্রী তপা বিশ্বাসের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিনই তাঁকে ক্লোজড (প্রত্যাহার) করে তদন্ত শুরু হয়।
তপা বিশ্বাস জানান, শনিবার দুপুরে চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়িতে কথা বলতে গেলে রিপন তাঁকে মারধর করেন। এ অভিযোগ নিয়ে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে গেলে পুলিশ সুপারকে না পেয়ে শনিবার রাতেই চলে আসেন চাঁদপুর মডেল থানায়।
এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, রিপনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। চাঁদপুর মডেল থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, তপা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে কোনো মামলা হয়নি।
এ ব্যাপারে রিপন কুমার মদকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।