নৌকার মাঝিকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোহাম্মদ আলী নামের এক নৌকার মাঝিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাইশারচর এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ আলী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলীর (২৭) বাড়ি উপজেলার গোয়াইলা পাড়া গ্রামে। তিনি রোববার রাতে রৌমারী যাদুরচর ইউনিয়নের নৌকাঘাটে নৌকা রেখে একই এলাকার জামাল হোসেনের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন। চিলমারী অষ্টমীরচর ইউনিয়নের কাইশারচর এলাকায় একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা করে। জামাল দৌড়ে পালাতে সক্ষম হন। কিন্তু দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আলীকে গুরুতর জখম করে। এলাকাবাসী ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।