নৌকায় চাঁদাবাজির অভিযোগে মামলা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের কাউনাই নদে চলাচলকারী মালবাহী নৌকা থেকে চাঁদা আদায়ের অভিযোগে মামলা হয়েছে। উপজেলার জয়শ্রী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদাবাজ চক্রের প্রধান জাহিদনূরসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে ধরমপাশা থানায় মামলাটি করেন।
এলাকাবাসী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের কাউনাই নদে কয়লা, বালু ও পাথর বোঝাই নৌকা থেকে সপ্তাহ দেড়েক ধরে স্থানীয় ৮-১০ জন ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছিলেন। চক্রটি নিয়ন্ত্রণ করছেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুর হাটি গ্রামের জাহিদনূর (৩৫)। খবর পেয়ে গত মঙ্গলবার দুপুরে ওই নদে অভিযান চালায় নৌ-পুলিশ। কিন্তু টের পেয়ে চাঁদাবাজেরা ইঞ্জিনচালিত একটি নৌকা নদে ডুবিয়ে দিয়ে সটকে পড়ে। পরে নৌকাটি সেখান থেকে জব্দ করে নৌ-পুলিশ।
জাহিদনূরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।’