নৌকায় ভোট দেওয়ায় পাড়ায় হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার অভিযোগে আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। আজ দুপুরের দিকে কেশবপুরের হিন্দুপাড়ার এই বাড়িতে হামলা চালানো হয়। ছবি: দিলীপ মোদক
‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার অভিযোগে আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। আজ দুপুরের দিকে কেশবপুরের হিন্দুপাড়ার এই বাড়িতে হামলা চালানো হয়। ছবি: দিলীপ মোদক

যশোরের কেশবপুর উপজেলায় ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার অভিযোগ তুলে আজ রোববার ছোট পাথরা গ্রামের হিন্দুপাড়ায় হামলা চালানো হয়েছে। এ সময় কয়েকটি বাড়ির আসবাব ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এখন ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো আতঙ্কের মধ্যে রয়েছেন।
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে পরিচিত মনোয়ার হোসেন জয়ী হন। তাঁর মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের বিশ্বাসের সঙ্গে। কাদের বিশ্বাসের ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার অভিযোগে আজ মনোয়ার হোসেনের কর্মী-সমর্থকেরা হিন্দুপাড়ায় ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মনোয়ার হোসেনের ছেলে খালিদ হোসেন এবং সঙ্গী হামজা নুরের নেতৃত্বে ৫০-৬০ জন জোট হয়ে ছোট পাথরা গ্রামের হিন্দুপাড়ায় হামলা চালান। তাঁরা প্রথমে একজনের বাড়িতে হামলা করেন। ‘নৌকা করেছিস কেন’ বলে বাড়ির লোকদের ওপর লাঠি, রামদা, রড নিয়ে হামলে পড়েন। বাড়ির লোকজন কোনো রকমে পালিয়ে পাশের বাগানে আশ্রয় নিয়ে জীবন বাঁচান। হামলাকারী একপর্যায়ে ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। ঘরের টেলিভিশন, টেবিল ফ্যান, টেবিল ল্যাম্প, শোকেসসহ সব আসবাব ভেঙে ফেলেন। এরপরও হামলাকারীরা আরও কয়েকটি বাড়িতে হামলা চালান।
হামলা শিকার ওই বাড়ির মালিক অভিযোগ করেন, বিছানার নিচে থাকা ৫৪ হাজার টাকা, শোকেসে থাকা চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান হামলাকারীরা। তিনি জানান, থানায় মামলা করবেন। তবে মামলা হলে বাড়িতে থাকাতে পারবেন কি না, তা নিয়ে তিনি শঙ্কিত।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী একজন বলেন, ‘১৯৭১ সালেও আমরা বাড়ি ছাড়িনি। এখন আমরা ভয়ে রয়েছি।’ এক নারী বলেন, ‘আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে কী অন্যায় করলাম। আমরা বাড়ি থাকতে ভয় পাচ্ছি।’ আরেক জন গৃহবধূ বলেন, ‘ভোট দিয়ে আমরা মার খাচ্ছি। এর পরে আর কোনো দিন ভোট দিতে যাব না।’

ওই বাড়িতে হামলার পর পাশের ঋষিপাড়ায়ও হামলা চালানো হয়। এ পাড়ার এক বৃদ্ধ বলেন, ‘দিনের বেলায় প্রকাশ্যে যদি বাড়িতে হামলা হয়, তাহলে আমরা রাতে থাকব কী করে। এ গ্রামের প্রায় হাজার খানেক মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।’
হামলার অভিযোগের ব্যাপারে জানতে মনোয়ার হোসেনকে বারবার ফোন করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে হামলায় অংশগ্রহণকারী হিসেবে যে হামজা নূরের কথা বলা হচ্ছে, তিনি বলেন, ‘আমি আজ পাথরা গ্রামে যাইনি। রাজনৈতিক প্রতিহিংসার জন্য আমার ওপর দোষ চাপাচ্ছে।’
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, ‘হামলার খবর শুনে ওই এলাকায় র‍্যাব ও বিজিবির টহল পাঠিয়েছি।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে।’