নৌকায় মিলল ২০ হাজার ইয়াবা
নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, একটি স্পিড বোটে করে টেকনাফ সদর সীমান্ত চৌকির হাবিলদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে নাফ নদীতে বাংলাদেশ জলসীমানায় বিজিবির একটি দল টহল দিচ্ছিলেন। এ সময় একটি নৌকা বাংলাদেশ-মিয়ানমারের জলসীমানার শূন্যরেখা অতিক্রম করে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া খাল-সংলগ্ন এলাকার কাছাকাছি পৌঁছালে সন্দেহজনক বিবেচনায় নৌকাটিকে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। কিন্তু নৌকাটি পালানোর চেষ্টা চালায়। নৌকাটিকে ধাওয়া করলে দুজন সন্দেহভাজন পাচারকারী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
কক্সবাজার বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, রাতের অন্ধকারে সন্দেহভাজন পাচারকারীরা নদীতে ঝাঁপ দেওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।