নৌবন্দরের জায়গায় আ.লীগ নেতাদের স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নৌবন্দরের জায়গার অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার পর গতকালই ফের দোকান নির্মাণের কাজ শুরু হয় l প্রথম আলো
বরিশাল নৌবন্দরের জায়গার অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার পর গতকালই ফের দোকান নির্মাণের কাজ শুরু হয় l প্রথম আলো

বরিশাল নগরের নৌবন্দর এলাকায় বিআইডব্লিউটিএর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন আওয়ামী লীগ নেতারা। জমি ইজারা নেওয়ার দাবি করে মহানগর বাস্তুহারা লীগের সভাপতি কালাম শরীফ ও সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্থাপনার নির্মাণকাজ চলছে।
বন্দর কর্তৃপক্ষের দাবি, বন্দরসংলগ্ন ওই সম্পত্তি নিয়ে বরিশাল সিটি করপোরেশনের সঙ্গে মামলা চলছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগে সেখানে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। স্থাপনা নির্মাণকারী আওয়ামী লীগ নেতাদের দাবি, তাঁরা বিআইডব্লিউটিএর কাছ থেকে ওই জমি ইজারা নিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, বরিশাল নগরের নৌবন্দরের দক্ষিণ পাশে কীর্তনখোলা নদীর পাশে বিআইডব্লিউটিএর প্রায় দেড় শ ফুট জমি দখল করে আটটি স্টল নির্মাণের কাজ চলছে। গত রোববার রাত থেকে কাঠ দিয়ে ঘর নির্মাণ করা হয়। গতকাল সোমবার সকালে অবৈধ ওই স্থাপনা উচ্ছেদ করে বরিশাল সিটি করপোরেশন। বিকেল পাঁচটার দিকে পুনরায় স্টল নির্মাণের কাজ শুরু করে ওই চক্র।
নৌবন্দর এলাকার ব্যবসায়ীরা জানান, কালাম শরীফ ও মাহবুবুর রহমানের নেতৃত্বে কয়েকজন রাতের আঁধারে নির্মাণকাজ শুরু করেন। বিষয়টি রাতেই কর্তৃপক্ষকে জানানো হয়। তবে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকালে সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু বিকেলে আবার কাজ শুরু করেন আওয়ামী লীগ নেতারা।

সিটি করপোরেশনে হাটবাজার শাখার সুপারভাইজার নুরুল ইসলাম জানান, ওই জমি তাঁদের দখলে রয়েছে। অবৈধভাবে সেখানে একটি সন্ত্রাসী মহল স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়। গতকাল সোমবার সকালে ওই স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডবিউটিএ বরিশালের নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ কবির বলেন, বন্দরসংলগ্ন স্থান ইজারা দেওয়া কি না, তা জানা নেই।

বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শহীদ উল্যাহ বলেন, ওই জমি অস্থায়ীভাবে ইজারা দেওয়া হয়েছিল। তবে সম্পত্তি নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে মামলা চলছে। সে কারণে ওখানে স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কালাম শরীফ বলেন, ‘আমরা ছয়জনে সাড়ে পাঁচ হাজার টাকা মাসিক ভাড়ায় ওই জমি বিআইডব্লিউটিএর কাছ থেকে লিজ নিয়েছি। সেখানে স্থাপনা নির্মাণের কাজ করা হয়েছিল। সিটি করপোরেশন এসে স্থাপনা ভেঙে দেয়। বিকেলে পুনরায় ওই কাজ শুরু করা হয়েছে।’