নৌবিহারে এসে গুলিবিদ্ধ হলেন দুই ঠিকাদার
মেঘনায় নৌবহরে এসে গণপূর্তের ঠিকাদার সমিতির দুই ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। গুলিতে আহত ঢাকার শাহজাহানপুর গুলবাগ ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকিব হাওলদার (৫১) ও ঠিকাদার জাহেদুল ইসলামকে (৫২) প্রথমে মুন্সিগঞ্জে জেনারেল হাসপাতালে পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুকিব হাওলাদার ও জাহেদুল দুজনের বাঁ পায়ে হাঁটুর নিচের অংশে গুলি লাগে।
পুলিশ জানায়, ঠিকাদার সমিতির প্রায় পাঁচ শতাধিক সদস্য ঢাকার সদরঘাট থেকে কর্ণফুলী-৩ নামে লঞ্চে করে নৌবিহারে রওয়না দেন। দুপুর ১২টার দিকে মেঘনা নদীর মোহনায় লঞ্চটি এলে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। তবে কার গুলিতে এই দুজন আহত হয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের এক কর্মকর্তা জানান, নৌবিহারে যাঁরা এসেছেন তাঁরা নিজের মধ্যে আনন্দ-উল্লাস করতে গিয়ে গুলি ছুটে নিজেদের লোকের গায়ে বিদ্ধ হয়। এতে দুজন আহত হয় বলে ধারণা করা হচ্ছে।
নৌবিহারে অংশ নেওয়া একাধিক ঠিকাদার জানান, ঢাকা থেকে তাঁরা চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথে মেঘনা নদীতে তাঁদের লঞ্চটিকে লক্ষ্য করে ইঞ্জিনচালিত ট্রলারে থাকা কে বা কারা গুলি করে। এতে তাঁদের দুজন ঠিকাদার আহত হন। মুন্সিগঞ্জ ঘটনাস্থলের কাছে বলে আহতদের চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়।