নৌমন্ত্রীর মিছিলে ককটেল হামলার ঘটনায় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করতে যাওয়ার পথে নৌমন্ত্রীর নেতৃত্বাধীন মিছিলে ককটেল হামলায় জড়িত অভিযোগে রেজাউর রহমান ফাহিম (৩১) নামের এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাঁকে আটক করা হয় বলে র‌্যাব জানায়।
র‌্যাব জানায়, রেজাউরের কাছ থেকে ২০টি পেট্রলবোমা ও ২০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
গুলশানে গত ১৬ ফেব্রুয়ারি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ওই মিছিলে ককটেল হামলায় ১৮ জন কর্মী আহত হন বলে জানায় নৌপরিবহন মন্ত্রণালয়। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে গুলশান থানায় মামলা হয়।
র‌্যাব-১০-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ওই ককটেল হামলার ঘটনার তদন্তে দেখা গেছে, রেজাউর ওই হামলার সঙ্গে জড়িত। গতকাল দুপুরে যাত্রাবাড়ীর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে তাঁকে আটক করা হয়। তাঁকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজাউর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মান সম্পন্ন করেন। কিছুদিন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়েন। পরিবারের সঙ্গে মিরপুরের শেওড়াপাড়ায় ভাড়া বাসায় থাকেন তিনি। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বিএনপিতে ভালো পদ পাওয়ার আশায় এক সাবেক কমিশনার ও ওয়ার্ড বিএনপি নেতার নির্দেশনায় তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টি করেছিলেন।