ন্যায্যমূল্য পাচ্ছেন না লবণচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লবণের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কক্সবাজারের প্রান্তিক চাষিরা। চাষিদের অভিযোগ, বিদেশ থেকে লবণ আমদানির খবরে মাঠে উৎপাদিত লবণের দাম কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে লোকসান দিয়ে লবণ বিক্রি করতে হচ্ছে তাঁদের।
বাংলাদেশ লবণ চাষি কল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা কামাল বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী ভারত থেকে এক লাখ মেট্রিক টন লবণ আমদানি করে। এ কারণে বহু চাষিকে লোকসান দিয়ে লবণ বিক্রি করতে হয়েছে। এখন ওই গোষ্ঠী ভারত থেকে আরও এক লাখ মেট্রিক টন লবণ আমদানির চক্রান্ত করছে। লবণ আমদানি হলে জেলার ৫৫ হাজার প্রান্তিক চাষিসহ লবণ উৎপাদন ও বিপণনে জড়িত পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।
গতকাল শুক্রবার টেকনাফের আলীখালী, জাদিমুরা ও রঙ্গিখালী গ্রাম ঘুরে দেখা যায়, লোনা পানি রোদে শুকিয়ে সাদা লবণ উৎপাদিত হচ্ছে। বিকেলে সেই লবণ সংগ্রহ করে মজুত করা হচ্ছে।
রঙ্গিখালী গ্রামের লবণচাষি নুরুল ইসলাম জানান, তিনি প্রতি কানি (৪০ শতক) জমি ১৪ হাজার টাকায় ভাড়া নিয়ে সাদা লবণ উৎপাদন করছেন। গতকাল পর্যন্ত সাত দিনে তিনি ৫০-৬০ মণ লবণ উৎপাদন করেছেন। কিন্তু বাজারে দাম কম বলে তিনি লবণ বিক্রি করছেন না। তিনি বলেন, বর্তমানে মাঠে উৎপাদিত এক মণ সাদা লবণ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আর অপরিশোধিত কালো লবণ বিক্রি হচ্ছে ১০০ টাকা।
আলীখালী গ্রামের চাষি কালা মিয়া বলেন, বিদেশ থেকে লবণ আমদানির খবরে গত দু-তিন দিনে মাঠে উৎপাদিত প্রতিমণ লবণের দাম ৫০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। লবণ উৎপাদন মৌসুমের শুরুতে বিদেশ থেকে লবণ আমদানির সুযোগ দেওয়া হলে প্রান্তিক চাষিরা পথে বসবেন।
টেকনাফ উপজেলা লবণচাষি ঐক্য পরিষদের সভাপতি শফিক মিয়া বলেন, উপজেলায় প্রায় ২৪ হাজার একর জমিতে লবণ উৎপাদন করে জীবিকা নির্বাহ করছে ১৪ হাজার পরিবার। গত দুই বছর লবণের ন্যায্য দাম না পাওয়ায় ৯০ শতাংশ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার ঋণের বোঝা মাথায় নিয়ে পুরোদমে লবণ উৎপাদন শুরু করলেও দাম কমে যাওয়ায় তাঁরা হতাশ।
চাষিদের ভাষ্যমতে, এক মণ সাদা লবণ উৎপাদন করতে ১৭৫ টাকা খরচ হয়। অথচ বিক্রি করে পাওয়া যাচ্ছে ১৫০ টাকা। মৌসুমের শুরুতেই লোকসান গুনতে হওয়ায় ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে পড়েছেন তাঁরা।
বিসিক কক্সবাজারের লবণ শিল্প উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে (ডিসেম্বর-এপ্রিল) কক্সবাজারে ৬৫ হাজার একর মাঠে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ লাখ মেট্রিক টন।
বিসিক কার্যালয়ের পরিদর্শক মো. শামসুল হক বলেন, দুই সপ্তাহ ধরে লবণ উৎপাদন শুরু হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। এতে অনেকে লবণ উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলছেন।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, দ্বিতীয় দফায় আরও এক লাখ মেট্রিক টন লবণ আমদানির সুযোগ দিলে চাষিরা পথে বসবেন।