নড়াইল ও ঝালকাঠিতে তিনজন খুন
নড়াইল ও ঝালকাঠিতে তিনজন খুন হয়েছেন। এর মধ্য নড়াইলের লোহাগড়া উপজেলায় ঝর্না বেগম (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
লোহাগড়া নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে স্বামীর বাড়ি থেকে গত শুক্রবার রাতে ঝর্না বেগমের লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, ঝর্না বেগম উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের শরুসোনা গ্রামের জাফর ভূঁইয়ার মেয়ে। এক বছর আগে হলদাহ গ্রামের মুন্নু মোল্লার (৪৬) সঙ্গে তাঁর বিয়ে হয়।
নিহত ঝর্না বেগমের ছোট ভাই মো. রানা বলেন, ‘এর আগে মুন্নু মোল্লার আরও চারজন স্ত্রী ছিল। বোনের বিয়ের সময়ে তা আমাদের জানা ছিল না। বোনের বিয়ের পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। এর জের ধরেই তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রথমে আমাদের কাছে ফোন করে মুন্নু মোল্লা বলেছেন স্ট্রোক করে মারা গেছেন। পরে আবার ফোন করে বলেছেন, গুল খেয়ে মারা গেছেন। তাঁর পেটে ও হাতে আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করব।’
নলদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, এ ব্যাপারে লোহাগড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তাঁর স্বামী মৃত্যু নিয়ে দুই ধরনের কথা বলেছেন বলে সন্দেহ হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নড়াইল সদর উপজেলার চিত্রা নদীর ভদ্রবিলা ঘাট এলাকায় ট্রলার থেকে এক ব্যক্তির (৬০) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেল চারটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, চিত্রা নদীতে ভাসমান ট্রলারের ভেতর থেকে গলাকাটা এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার চানপুর গ্রামে বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা বলেন, তাঁর নাম মোসলেম (৬০)। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।
ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নে পুখরিজনা গ্রামে সোনিয়া (২২) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার স্বামীর বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো তাঁর লাশ পাওয়া যায়। লাশটি দরজার চৌকাঠের সঙ্গে মাটিতে পা ভাঁজ করা অবস্থায় ছিল। সোনিয়া উত্তমপুর গ্রামের ফারুক হাওলাদারের মেয়ে।
সোনিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর আগে পুখরিজনা গ্রামের মৃত আক্তার আলী মৃধার ছেলে সুমন মৃধার সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমন যৌতুকের দাবিতে সোনিয়াকে মারধর করতেন। এ কারণে সোনিয়া বাবার বাড়িতেই থাকতেন। সুমন তিন দিন আগে আর নির্যাতন করবেন না জানিয়ে সোনিয়াকে বাবার বাড়ি থেকে নিয়ে আসেন।
সোনিয়ার বাবা বলেন, ‘বিয়ের পর থেকেই বিদেশে যাবে বলে সুমন আমার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। মেয়ের শাশুড়ি, ননদ, দেবরের সহায়তায় তাঁর স্বামী তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, মেয়ের বাবা চারজনকে আসামি করে একটি হত্যা মামলার অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বরিশাল, নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি এবং ঝালকাঠি সংবাদদাতা]