নড়াইলে অর্ধকোটি টাকার নিয়োগ-বাণিজ্য
নড়াইলের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম-প্রহরী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নিয়োগপ্রার্থীদের কাছ থেকে জনপ্রতি দুই থেকে তিন লাখ টাকা উৎকোচ নেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর তদন্ত শুরু করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী যে বিদ্যালয়ে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, নিয়োগ পরীক্ষায় সভাপতি হবেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক হবেন সদস্যসচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি (সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) হবেন সদস্য। নিয়োগ অনুমোদন কর্মকর্তার দায়িত্বে থাকবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মেধা প্যানেলের মাধ্যমে পরীক্ষা গ্রহণের দিনই ফলাফল ঘোষণারও বিধান রয়েছে।
অথচ ২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুমোদন পাওয়া সদর উপজেলার ৩৩টি বিদ্যালয়ের মধ্যে ১৮টিতে দপ্তরি-কাম-প্রহরী নিয়োগে অবৈধ হস্তক্ষেপ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় প্রক্রিয়াটি আজও সম্পন্ন হয়নি।
সদর উপজেলা ইউএনও শাহ আবদুল সাদী বলেন, ওই ১৮টি বিদ্যালয়ে জনবল নিয়োগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) কামরুজ্জামানের বিরুদ্ধে অবৈধ হস্তক্ষেপ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তিনি তাঁর সহকারী (এটিইও), সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর কয়েকজন সভাপতি ও শিক্ষক সমিতির নেতার যোগসাজশে উৎকোচ গ্রহণের মাধ্যমে লোকবল নিয়োগের চেষ্টা করেছেন।
ইউএনও আরও বলেন, কাগজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৩ জানুয়ারি দপ্তরি-কাম-প্রহরী নিয়োগে মৌখিক পরীক্ষা হয়। ফলাফল ও মেধা প্যানেলের ফটোকপি পাওয়া গেছে ১ জুলাই। ফলাফলের মূল কপিসহ কোনো কাগজপত্রই বিধিবহির্ভূতভাবে নিয়োগ কমিটির সদস্যসচিব প্রধান শিক্ষক মনোয়ারা খানমকে দেওয়া হয়নি।
প্রধান শিক্ষক মনোয়ারা খানম বলেন, ‘পরীক্ষার পরে আমাকে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ডেকে নম্বরপত্রে স্বাক্ষর করতে বলা হয়। আমি তা না করে চলে আসি।’
কে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, ‘পরীক্ষা নেওয়ার এক থেকে দেড় মাস পর টিইও কামরুজ্জামান তাঁর দপ্তরে ডেকে একটি ফাঁকা সমন্বিত ফলাফল শিট ও মেধা প্যানেলে আমাকে স্বাক্ষর করতে বলেন। আমি রাজি হইনি।’
মতিয়ার রহমান আরও বলেন, ‘আমার জানামতে, ১৬ থেকে ১৮টি বিদ্যালয়ের চাকরিপ্রার্থীদের প্রত্যেকের কাছ থেকে আড়াই থেকে তিন লাখ করে ৫০ লাখেরও বেশি টাকা ঘুষ নেওয়া হয়েছে।’ এর সঙ্গে টিইও, এটিইও, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর কয়েকজন সভাপতি ও জেলা শিক্ষক সমিতির সভাপতি আঞ্জুমান আরা বেগম জড়িত বলে তিনি অভিযোগ করেন।
টিইও কামরুজ্জামান বলেন, ‘এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু নিয়োগ বোর্ডে একজন প্রতিনিধি পাঠিয়েছি।’
এটিইও মাহিদুল ইসলাম দাবি করেন, ‘আমি যে বিদ্যালয়গুলোর নিয়োগ বোর্ডে ছিলাম, সেখানে কোনো দুর্নীতি হয়নি।’ আরেক এটিইও ইমদাদ হোসেন বলেন, ‘রাজনৈতিক চাপ থাকায় ঘটনাস্থলে ফলাফল প্রকাশ না করে টিইওর কার্যালয়ে চলে আসি।’
শিক্ষক সমিতির নেতা আঞ্জুমান আরা বলেন, ‘আমাকে ষড়যন্ত্রমূলকভাবে এসবের সঙ্গে জড়ানো হচ্ছে।’ জেলা শিক্ষা কর্মকর্তা জেছের আলী বলেন, ইউএনওর কাছ থেকে সদর উপজেলার কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম-প্রহরী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি-সম্পর্কিত একটি চিঠি এসেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আনন্দ কুমার বিশ্বাস বলেন, অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।