নড়াইলে আ.লীগের নেতা খুন
নড়াইলে প্রভাষ রায় (৪৬) নামের আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রভাষ রায় সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
আজ বুধবার রাত আটটার দিকে নড়াইল সদর উপজেলার মীরাপাড়া গ্রামের একটি চায়ের দোকানে প্রভাষ রায়কে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়। প্রভাষ রায় মীরাপাড়া গ্রামের রতন রায়ের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুর রহমান এবং তাঁর ছেলে আশিকুর রহমানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান প্রথম আলোক বলেন, আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রভাষ রায়কে হত্যা করা হতে পারে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান ও তাঁর ছেলেসহ পাঁচজনকে আটক করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে প্রভাষ রায় মীরাপাড়া বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত প্রভাষের ওপর অতর্কিত হামলা চালায়। তারা প্রভাষের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন প্রভাষকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সাংবাদিকদের বলেন, গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবিদুর ইসলামের পক্ষে কাজ করেন প্রভাষ রায়। এ নিয়ে বিদ্রোহী প্রার্থী শহিদুর রহমানের সঙ্গে তাঁর বিরোধ হয়। নির্বাচনে শহিদুর রহমান বিজয়ী হন। নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।