নড়াইলে দখল-বর্জন ও স্থগিত-সাজার ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল ও কালিয়া পৌরসভায় ভোটকেন্দ্র দখল, পাল্টাপাল্টি ধাওয়া ও হামলা, ​বর্জন ও সাজার ঘটনার মধ্য দিয়ে আজ বুধবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কালিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী এবং নড়াইলে দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আর নির্বাচনী পরিবেশ নষ্ট করার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই পৌরসভার আটজনকে ছয় মাস করে সাজা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের অভিযোগ, সকাল সাড়ে আটটার দিকে নৌকা প্রতীকের সমর্থকেরা পূর্ব কালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখল করে নেন। তাঁরা কেন্দ্রের ছয়টি বুথে ঢুকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেন এবং কারচুপি শুরু করেন। পুলিশ-বিজিবিসহ প্রশাসনিক কর্মকর্তারা নীরবে দাঁড়িয়ে তা দেখেন বলে তাঁদের অভিযোগ। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা বেড়ে যায়।

পরে রিটার্নিং কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হারুন অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোটগ্রহণ বন্ধ করে দেন। ভোট কারচুপির দায়ে নৌকা প্রতীকের পোলিং এজেন্ট মোস্তফা বিল্লাহকে (২৫) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মির্জাপুর কেন্দ্র থেকে নৌকার সমর্থক জান্নাত হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সকাল ১০টার দিকে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় কাউন্সিলর প্রার্থী ফসিয়ার রহমানসহ দুই পক্ষের ৪-৫ জন কর্মী আহত হন। ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। আড়াই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বিএনপি প্রার্থী এসএম ওয়াহিদুজ্জামান মিলু ভোট বর্জন করেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা বিকেলে নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের কথা জানান। তিনি দাবি করেন, নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তির লোকজন তাঁর ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিয়েছেন। ভোট কারচুপির অভিযোগও করেন তিনি।

এদিকে, নড়াইল পৌরসভায় বরাশুলা, ডুমুরতলা, উজিরপুর ও বিজয়পুর কেন্দ্রেও অনিয়ম ও কারচুপির অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনিয়মের অভিযোগে দুজন এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চারজনকে ছয় মাস করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোট কারচুপির অভিযোগে নড়াইলের দুই স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। দুপুরে আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত দুই স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব হোসেন বিশ্বাস ও সর্দার আলমগীর হোসেন আলম এ ঘোষণা দেন। তাঁরা অভিযোগ করেন, নৌকা প্রতীকের সমর্থকেরা বিভিন্ন ভোটকেন্দ্রে ঢুকে ভোট কারচুপি করছেন।