নড়াইলে এক পরিবারের বসতভিটা জবরদখল
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে চাঁদপুর গ্রামের একটি হিন্দু পরিবারের ঘরবাড়ি ভেঙে বসতভিটা জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সম্প্রতি আদালতে মামলা করেছেন।
ওই পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাঁদপুর গ্রামের আব্দুল জব্বার চাঁদপুর মৌজার এসএ ৪৪৮ খতিয়ানের ২০২০ দাগের ৮২ শতাংশ জমি ১৯৫৯ সালের ১১ ফেব্রুয়ারি একই গ্রামের সনাতন বিশ্বাস ও অনিল বিশ্বাসের কাছে বিক্রি করেন। অনিল বিশ্বাস তাঁর অংশটুকু ভাই সনাতন বিশ্বাসের কাছে ১৯৮৫ সালে বিক্রি করে ভারতে চলে যান। সনাতন ওই ৮২ শতাংশ জমি নিজ নামে নামপত্তন করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। নড়াইল পৌরসভার ভওয়াখালি গ্রামের শহীদ জমাদ্দার নামে এক ব্যক্তি ওই জমি দখলের জন্য স্থানীয় কয়েকজন সন্ত্রাসী দিয়ে সনাতন বিশ্বাস ও তাঁর স্ত্রী গৌরী রানীকে ভয়ভীতি দেখিয়ে আসছেন। গত এপ্রিল মাসে কয়েকজন সন্ত্রাসী রাতে তাঁদের ঘুম থেকে উঠিয়ে বেধড়ক মারধর করে। উন্নত চিকিৎসার জন্য ওই মাসের শেষে দুজন ভারতে যান। ২৮ মে সন্ত্রাসীরা রাতের আঁধারে সনাতন বিশ্বাসের বাড়িঘর ভেঙে ভিটেমাটি সমান করে দেয়। ভারত থেকে ফিরে ঘরবাড়ি নির্মাণ করতে গেলে সন্ত্রাসীরা তাঁদের জীবননাশের হুমকি দিচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ভিটার ওপর বাড়িঘরের কোনো চিহ্ন নেই। ব্যবহৃত নলকূপের একাংশ জমিতে রয়ে গেছে। পাশেই ইজারা নেওয়া জমি থেকে আম পাড়ছিলেন শহীদ জমাদ্দার ও তাঁর লোকজন। জানতে চাইলে শহীদ জমাদ্দার বলেন, ‘সনাতন ও তাঁর ভাই অনিল এ জমি আমার কাছে বিক্রি করেছেন।’ দলিল দেখতে চাইলে পরে দেখাবেন বলে তিনি জানান। কিন্তু এখনো তিনি দলিল দেখাতে পারেননি।
গ্রামের বসন্ত বিশ্বাস বলেন, সনাতন ও তাঁর স্ত্রী গৌরী রানী চিকিৎসার জন্য ভারতে গেলে ২৮ মে রাতে কয়েকজন সন্ত্রাসী সনাতনদের বাড়িঘর ভেঙে ভিটার মাটি সরিয়ে ফেলে। গ্রামের প্রসাদ সিংহ, বাকু মোল্যাসহ অনেকে জানান, সন্ত্রাসীদের ঠেকাতে গেলে তাঁদের ওপরও সন্ত্রাসীরা চড়াও হয়।
গৌরী রানী বলেন, ‘শহীদ জমাদ্দার যে দলিলের কথা বলে জমি দাবি করছেন, তা জাল। প্রতিকারের জন্য এক সপ্তাহ আগে আদালতে মামলা করেছি।’