নড়াইলে কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নীল কোমল বিশ্বাস (৪৮) নামের এক কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত নীল কোমলকে স্থানীয় স্কুলমাঠে নিয়ে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়। রোববার রাত ১০টার দিকে অসুস্থ অবস্থায় বাড়িতে মারা যান তিনি।

পরিবারের অভিযোগ, জমি নিয়ে প্রতিবেশী মিল্টন কাজীর (২৮) সঙ্গে তাঁদের দ্বন্দ্ব ছিল। এর জের ধরে নীল কোমলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মিল্টন কাজী স্থানীয়ভাবে প্রভাবশালী। তিনি দীর্ঘদিন ধরে তাঁদের বাড়ির জায়গা দখলের চেষ্টা করছেন।

নীল কোমলের স্ত্রী সুনিতা রানী প্রথম আলোকে বলেন, ‘আমার সুয়ামিরে (স্বামী) মিল্টনসহ কয়েকজন বাড়িরতে স্কুলমাঠে নিয়ে পিটায়ে আধা মরা অবস্থায় ফেলে রাহে যায়। আশপাশের লোকজন কেউ ঠিহাতি আসলো না। ওরা বড়লোক মানুষ। ওগে মেলা টায়া-পয়সা আছে। আমাগে বাড়ির জাগাটুকুন জোর ওরে নিয়ার জন্নি আর এহানতে উঠোয় দিয়ার জন্নি অনেক দিন ধরে ভয় দেহাচ্ছে। তাঁরে পিটায়ে মারে ফেলিছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে জানতে গতকাল সোমবার শোলপুর গ্রামে মিল্টন কাজীর বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।

মুঠোফোনে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, লাশের পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।