নড়াইলে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা
নড়াইলে সন্দেহভাজন ডাকাতদের হাতে খুন হয়েছেন সৌদিপ্রবাসী এক ব্যক্তি। নিহতের নাম হাফিজ মুনশি (৪২)। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হাফিজ মুনশি সৌদি আরবে থাকেন। বাড়ি নির্মাণের জন্য তিনি দেশে আসেন। নির্মাণাধীন বাড়ির পাশে একটি টিনের ঘরে তিনি থাকতেন। গত বৃহস্পতিবার তিনি ব্যাংক থেকে তিন লাখ টাকা তোলেন। শুক্রবার রাত সোয়া ১২টায় টিনের ঘরের দরজা ভেঙে ১০/১২ জনের একটি ডাকাত দল হাফিজ মুনশির বাড়িতে প্রবেশ করে। ওই সময় হাফিজ মুনশি ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরিবারের ধারণা, টাকার বিষয়টি কেউ জেনে যাওয়ায় ডাকাতির জন্য আসতে পারে। তবে ডাকাতরা টাকা নিয়ে যেতে পারেনি বলে জানা গেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাকাতির ঘটনা নাকি অন্য কোনো কারণে হাফিজ মুনশিকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।