নড়াইলে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
নড়াইল শহরে যৌতুকের দাবিতে ফারহানা রহমান লুনা নামের এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার শহরের রূপগঞ্জ বাজারের গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০২ সালে নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামের অস্ট্রিয়াপ্রবাসী সোহেল মুন্সির (৩৪) সঙ্গে মৃত সাইদুর রহমানের মেয়ে ফারহানা রহমান লুনার (৩২) বিয়ে হয়। এর পর থেকে দুজনেই অস্ট্রিয়ায় বসবাস শুরু করেন। দুই বছর আগে সোহেল দেশে ফিরে ফারহানার পৈতৃক জমি শহরের মুচিপোল এলাকায় ‘মুস্তারি কমপ্লেক্স’ নামে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ জন্য সোহেল অস্ট্রিয়া সরকার থেকে স্ত্রী ফারহানার পাওয়া মাতৃত্বকালীন ভাতার টাকাও নিয়ে নেন। ভবনের বাকি কাজ শেষ করতে কিছুদিন আগে ফারহানাকে তাঁর মায়ের কাছ থেকে আরও ২০ লাখ টাকা এনে দিতে বলেন। ফারহানা রাজি না হওয়ায় সোহেল তাঁকে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন। নির্যাতন সইতে না পেরে ফারহানা জন্মসূত্রে অস্ট্রিয়ার নাগরিক দুই মেয়ে রওনক (৮) ও ইসরাতকে (৭) নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে ফারহানার মা বিষয়টি মীমাংসার জন্য জামাতা সোহেলকে খবর দেন। গত সোমবার বিকেলে সোহেল, তাঁর ছোট ভাই ফয়সাল মুন্সি ও বোন ডেইজি লুনার বাবার বাড়িতে আসেন। এ সময় উভয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে পরিবারের সবার সামনে স্বামী ও দেবর লুনাকে বেধড়ক পিটিয়ে জখম করেন।