নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
নড়াইলের কালিয়া উপজেলার পার বিষ্ণুপুর গ্রামে আজ শুক্রবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ওই সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ১২টি বাড়ি ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ এবং স্থানীয় মিহির মোল্লার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এরই জের ধরে আজ বিকেল চারটার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে পার বিষ্ণুপুর গ্রামের সুজাত মোল্লা (৩০), আনিমুল মোল্লা (৪০), বনি মোল্লা (৩২), সনি মোল্লা (২৮) ও রেবেকা খাতুন (৪৫) গুলিবিদ্ধ হন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।
মিহির মোল্লা অভিযোগ করেন, পুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ দলবল নিয়ে তাঁর বাড়িসহ সমর্থকদের বাড়িতে হামলা চালান। এ সময় ১৪–১৫টি বাড়ি ভাঙচুরসহ লুটপাট করে। তিনি দাবি করেন, তারা স্বর্ণালংকারসহ গবাদিপশু লুট করে নিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে হারুনুর রশিদ বলেন, মিহির মোল্লা খুলনা থেকে সন্ত্রাসী ভাড়া করে আনেন। তাঁরা গ্রামে ঢুকে ফাঁকা গুলি ছুড়লে গ্রামবাসী তাঁদের প্রতিহত করতে গেলে সন্ত্রাসীরাই আমজনতার ওপর গুলি চালায়। এতে পাঁচ থেকে ছয়জন গুলিবিদ্ধ হন। বাড়ি ভাঙচুর কিংবা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গণির মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকায় বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আহত হন। তবে বাড়িঘর ভাঙচুর বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।