নড়াইলে পালপাড়ার দুই ঘরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তরা নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কুন্দশী পালপাড়ায় এক ব্যক্তির গোয়ালঘরসহ দুটি ঘরে এবং অন্য দুজনের খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পালপাড়ার কয়েকজন বাসিন্দা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা এ পাড়ার নিরোধ পালের লাকড়ি রাখার ঘর ও গোয়ালঘরে এবং পরিতোষ পাল ও প্রফুল্ল পালের খড়ের গাদায় আগুন দেয়। বাড়ির লোকজন আগুন দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে নেভান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসেন।

নিরোধ পাল বলেন, তাঁর ঘর দুটি পুড়ে গেছে। গোয়ালে থাকা তিনটি গরু দগ্ধ হয়েছে। এ ছাড়া অন্য দুই বাড়ির দুটি খড়ের গাদা পুড়ে গেছে। তিনি আরও বলেন, তিনটি বাড়িতেই কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।