নড়াইলে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজান কাজী (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার পহরডাংগা ইউনিয়নের বালুমাঠ এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মিজান উপজেলার বাগুডাংগা গ্রামের রতন কাজীর ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অস্ত্র-ডাকাতিসহ একাধিক মামলার আসামি মিজান কাজীকে শনিবার রাতে গোপালগঞ্জ শহর থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে রাতেই তাঁকে নড়াগাতি আনা হচ্ছিল। রাত তিনটার দিকে পহরডাংগা বালুমাঠ এলাকায় পৌঁছালে তাঁর সহযোগীরা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এ সময় গুলিতে মিজান নিহত হন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, চারটি গুলি ও দুটি রামদা উদ্ধার করে পুলিশ।
নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, মিজানের নামে বিভিন্ন থানায় মোট ১২টি মামলা আছে।