নড়াইলে প্রকৌশলীকে পিটিয়ে গুরুতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) নড়াইলের উপবিভাগীয় প্রকৌশলী শেখ শফিউল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে নড়াইল শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

প্রকৌশলী শফিউলকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওজোপাডিকোর নড়াইল কার্যালয়ের কর্মচারী আইয়ুব হোসেন প্রথম আলোকে বলেন, প্রকৌশলী শফিউল কাজ সেরে জেলা পরিষদের ডাকবাংলোর দিকে যাচ্ছিলেন। পথে তিনি এ হামলার শিকার হন।

সদর হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে, শফিউলের একটি হাত ভেঙে গেছে। তাঁর নাক ও কান থেকে রক্ত ঝরছিল। এ ছাড়া শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রকৌশলী শফিউলের ওপর হামলার সত্যতা নিশ্চিত করেছেন।