নড়াইলে ফল কেনা নিয়ে দোকানিকে হত্যা
নড়াইল সদর উপজেলায় এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার তুলারামপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ফল ব্যবসায়ী মুসা মোল্যা (২৫) তুলারামপুর দক্ষিণপাড়ার সাইদ মোল্যার ছেলে। ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত হীরক সিকদারের ভাই সোহাগ সিকদারকে পিটুনি দেন এবং হীরকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে তুলারামপুর হাটপাড়া এলাকার হীরক সিকদারের ১০ বছরের ছেলে তুলারামপুর বাজারের ফল বিক্রেতা তুহিন মোল্যার কাছ থেকে একটি বেদানা কিনে বাড়িতে নিয়ে যায়। বিকেল পাঁচটার দিকে খোসা ছাড়িয়ে বেদানাটি নষ্ট দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর শিশুটির বাবা হীরক বাজারে গিয়ে ফল ব্যবসায়ী তুহিনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হীরক ওই ব্যবসায়ীর কাছে থাকা ছুরি দিয়ে তুহিনকে আঘাত করেন। তখন পাশের ফল ব্যবসায়ী মুসা মোল্যা প্রতিরোধ করতে গেলে তাঁর গলায় ছুরিকাঘাত করা হয়। এরপর হীরক পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পথে মুসা মারা যান। তুহিনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর গ্রামবাসী হীরকের বাড়িতে হামলা চালায়। এ সময় হীরকের ভাইকে তাঁরা পিটুনি দেন এবং ওই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। হীরক চামরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
গতকাল সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।