নড়াইলে বাড়িতে দুর্বৃত্তদের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কুন্দশী পালপাড়ায় এক ব্যক্তির বাড়িতে ও অন্য দুজনের খড়ের গাদায় অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
পালপাড়ার কয়েকজন বাসিন্দা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা এ পাড়ার নিরোদ কুমার পালের ঘরের বেড়ায়, শিবু প্রসাদ পাল ও শিবু কুমার পালের খড়ের গাদায় আগুন দেয়। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে আসা একজনের চোখে পড়ায় তিনি আগুন আগুন বলে চিৎকার দেন। পরে পাড়ার বাসিন্দারা ছুটে এসে নিরোদের ঘরের আগুন নেভান। এ ছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে খড়ের গাদা দুটির আগুন নেভান।
গতকাল সরেজমিনে দেখা গেছে, এ পাড়ায় ৪০টি হিন্দু পরিবার বসবাস করে। মাটির হাঁড়ি-পাতিল তৈরি করাই তাঁদের পেশা। প্রতিটি বসতবাড়ি প্রায় আরেকটির লাগোয়া। প্রতিটি বাড়িতে রয়েছে টিন, বাঁশ ও কাঠের তৈরি ঘর। খড়ের গাদা দুটিও ছিল ঘরের লাগোয়া।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, স্থানীয় সাংসদ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।