নড়াইলে লাশ মিলল যুবদল নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ার যুবদল নেতা আশরাফ মল্লিক (৪৫) বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। গতকাল শুক্রবার সকালে পাওয়া গেল তাঁর লাশ। একই দিন পিরোজপুরের নাজিরপুরে ইটভাটাশ্রমিক, গোপালগঞ্জে মোটরসাইকেল চালক ও ফরিদপুরের বোয়ালমারীতে চাতালশ্রমিকের লাশ উদ্ধার হয়েছে।

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

লোহাগড়া বাজারের একটি নির্মাণাধীন বাড়ি থেকে গতকাল সকাল নয়টার দিকে আশরাফ মল্লিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামের কুটিমিয়া মল্লিকের ছেলে।

আশরাফের স্ত্রী সোহেলি বেগম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর আশরাফ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। 

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান বলেন, আশরাফ যুবদলের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মল্লিকপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। কেন এ হত্যাকাণ্ড তা পরিষ্কার নয়। তবে আট মাস আগে আশরাফের চাচাতো ভাই মোহাম্মদ মল্লিক খুন হন। ওই মামলায় তিনি সাক্ষী ছিলেন।

আশরাফের ভাতিজা আলমগীর মল্লিক বলেন, লাশের মুখে, বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

তবে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলী বলেন, মৃতদেহটি ইট-খোয়ার ওপরে উপুড় হয়ে ছিল। এ কারণে হয়তো মুখে ও বুকে দাগ মনে হচ্ছে। লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর কারণ বোঝা যাবে।

নাজিরপুর উপজেলার জয়পুর গ্রামের কাছে কালীগঙ্গা নদী থেকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ইটভাটাশ্রমিক মাহাতাব খানের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার উত্তর সাতকাছিমা গ্রামের মৃত আজাহার আলী খানের ছেলে। মাহাতাব উপজেলার শাখারীকাঠী গ্রামের একটি ইটভাটায় কাজ করতেন। গত মঙ্গলবার সকালে তাঁর মুঠোফোনে ফোন আসে। ফোনে কথা বলার পরপরই তিনি কর্মস্থল ছেড়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মাহতাবকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ জাকির শেখকে আটক করেছে।

ফরিদপুরের বোয়ালমারী থানার পুলিশ জানায়, বোয়ালমারী পৌরসভার সৈয়দপুর এলাকার একটি চাতালের পাশের ঘর থেকে গতকাল সকাল ১০টার দিকে চাতালশ্রমিক শেফালী বেগমের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ।

শেফালী আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের বকজুড়ি গ্রামের ইমরান হোসেনের স্ত্রী। ইমরানও একই চাতালে কাজ করেন। চাতালের পাশের ওই বাড়িতে তাঁরা ভাড়ায় থাকতেন।

গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকা থেকে গতকাল সকাল নয়টার দিকে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে লাশটি পড়ে ছিল। কিছুটা দূরেই ছিল একটি মোটরসাইকেল। আশরাফুলের বাড়ি সাতক্ষীরা জেলায়। বাবার নাম হায়দার আলী।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ আশরাফুলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘন কুয়াশার মধ্যে কোনো গাড়ির ধাক্কা খেয়ে আশরাফুল দুর্ঘটনায় পড়েন বলে পুলিশের ধারণা।