নড়াইলে শিবিরের তিন নেতা গ্রেপ্তার
নড়াইলে ছাত্রশিবিরের জেলা সেক্রেটারিসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় থেকে গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার বিলদুরিয়া গ্রামের কারি আবদুল মালেক সিকদারের ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের অলিয়ার রহমানের ছেলে আবদুর রহিম ও কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামের বদিয়ার মোল্লার ছেলে রিমন মোল্লা। তাঁদের মধ্যে রফিকুল নড়াইল জেলা শিবিরের সেক্রেটারি। রহিম খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসায় শিবিরের বায়তুলমাল সম্পাদক (অর্থ সম্পাদক)। আর রিমন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডে শিবিরের সেক্রেটারি।
নড়াইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহম্মদ কামরুজ্জামান বলেন, ওই তিন নেতার কাছ থেকে পাঁচটি ককটেল, একটি শাটারগান, পিস্তলের দুটি গুলি উদ্ধার করা হয়। গতকাল নড়াইল সদর থানায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।