নড়াইলে সংঘর্ষে গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল ও মাগুরা জেলার সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলার মাগুরা গ্রামে সংঘর্ষে গৃহবধূ নিহত হয়েছেন। তাঁর নাম হাসিনা বেগম। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

হাসিনা বেগম (৫০) গ্রামের জালাল মোল্লার স্ত্রী। পুলিশ গতকাল রোববার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম, শফিকুল ইসলামসহ বেশ কয়েকজন প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা গ্রামের জালাল মোল্লা ও হামিদ মিয়ার বিরোধ চলে আসছে। জালালের ছেলে জুয়েল মোল্লা (২২) শনিবার বিকেলে স্থানীয় বাজারে গেলে প্রতিপক্ষের রুহোল শেখ তাঁকে মারধর করেন। এর জেরে জালালের লোকজন হামিদকে মারধর করেন।

জালালের ছেলে তাজু মোল্লা বলেন, হামিদের পক্ষের লোকজন তাঁদের পক্ষের লোকজনের বাড়িতে ভাঙচুর করেন। এ সময় তাঁর মা হাসিনা বেগম বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক হাসিনাকে মৃত ঘোষণা করেন।

অভিযোগ অস্বীকার করে হামিদ মিয়া বলেন, মারামারি দেখে হাসিনা বেগম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, হাসিনাকে মৃত অবস্থায় আনা হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী বলেন, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আহত ব্যক্তির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী সদরের মুড়ারীপুর গ্রামে বাড়ির সীমানাপ্রাচীর দেওয়া নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তি শনিবার গভীর রাতে মারা গেছেন। তাঁর নাম ফারুক মোল্লা (৩০)। গত বৃহস্পতিবার ওই সংঘর্ষের ঘটনায় নয়জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে।

এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুড়ারীপুর গ্রামের কাজী নজরুল ইসলামের বাড়ির পাশে মাটির রাস্তা রয়েছে। রাস্তার উভয় পাশে তাঁর জমি আছে। সম্প্রতি বৃষ্টিতে রাস্তার কিছু অংশ ভেঙে পড়ে। বৃহস্পতিবার নজরুল বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। সীমানাপ্রাচীরের কারণে রাস্তায় লোকজনের যাতায়াতে বিঘ্ন ঘটে। এ জন্য স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক মোল্লাসহ অনেকে এক ফুট জায়গা ছেড়ে দিয়ে প্রাচীর নির্মাণের জন্য তাঁকে অনুরোধ করেন। এ নিয়ে উভয় পক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে ফারুকসহ চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফারুকের অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরের দিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার মিয়া বলেন, গতকাল সকালে নজরুল ও তাঁর দুই ছেলে কাজী ফারুক, কাজী মুরাদ এবং ভাতিজা কাজী সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।