নড়াইলে সাংবাদিককে হুমকি, পৌর মেয়রের বিরুদ্ধে থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’-এর নড়াইল প্রতিনিধি স্থানীয় পৌর মেয়রের বিরুদ্ধে তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই পৌর মেয়র।

‘চ্যানেল ২৪’-এর নড়াইল প্রতিনিধি সাইফুল ইসলাম দাবি করেন, গত মঙ্গলবার এই টিভি চ্যানেলে ‘নড়াইলে প্রভাবশালীদের ভয়ে দেশ ছেড়ে গেছে ১২টি হিন্দু পরিবার’ শিরোনামে সংবাদ সম্প্রচার করা হয়। এরপর ওই দিন দুপুরে নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস মুঠোফোনে তাঁকে গালাগাল করেন ও হত্যার হুমকি দেন। নিরাপত্তাহীনতার কারণে ওই দিনই তিনি নড়াইল সদর থানায় পৌর মেয়রের বিরুদ্ধে জিডি করেছেন।

এদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক সমিতির সভাপতি পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস গতকাল বুধবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে সংবাদ সম্মেলনে দাবি করেন, প্রচারিত সংবাদের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। এই সংবাদে কে বা কারা তাঁর নাম ভাঙিয়েছে। কিন্তু ওই সাংবাদিক পেশাগত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাঁর কোনো বক্তব্য নেওয়া হয়নি। তাঁকে সমাজে হেয়প্রতিপন্ন করতেই এই সংবাদ প্রকাশ করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন পৌর মেয়রের বিরুদ্ধে জিডি হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।