নড়াইলের চিহ্নিত মাদকের স্পটগুলো এখন যেমন
নড়াইল শহরের জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার দূরের গ্রাম ভওয়াখালি। পৌরসভাভুক্ত এ গ্রামের চিহ্নিত চারটি স্পটে গত মঙ্গলবার বিকেলে গিয়ে সুনসান নীরবতা দেখা গেল। অথচ মাস ছয়েক আগেও দিবা রাত সেখানে মাদকের হাট বসত।
গ্রামের বাসিন্দা দীপক ঘোষ, সলেমান বিশ্বাস ও হোসেন আলী বললেন, এ গ্রামে এখন প্রতিদিনই পুলিশ ঝটিকা অভিযান চালায়। ফলে যারা মাদকের ব্যবসা করত তারা গ্রামছাড়া। আইনজীবী উত্তম কুমার ঘোষ বলেন, একসময় গ্রামে হাত বাড়ালেই মাদক পাওয়া যেত। রিকশাওয়ালারা দিনের বেলায় মাদক বিক্রি করতে গ্রামে আসত। এখন আর সেই অবস্থা নেই।
নড়াইলের এমন কয়েকটি চিহ্নিত মাদকের স্পটের বর্তমান দৃশ্য একই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুরো জেলাতেই মাদক ব্যবসা ও সেবনের হার কমতে শুরু করেছে। পুলিশ প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে।
পুলিশ ও ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আগে সন্ধ্যার পর নড়াইল শহরের মুচিপোল, পৌরসভার ভওয়াখালি ও সদর উপজেলার নাকশি-রঘুনাথপুরসহচিহ্নিত কয়েকটি এলাকায় গেলেই ফেনসিডিল, গাঁজাসহ নানা মাদকদ্রব্যের উপস্থিতি টের পাওয়া যেত। রাস্তাঘাটে আনাচকানাচে পড়ে থাকত ফেনসিডিলের বোতল। তবে বিশেষ করে গত জানুয়ারি থেকে সেই অবস্থার দৃশ্যমান উন্নতি হয়েছে। নড়াইল জেলা পুলিশ ওই সময়ে ‘নেশা নয় কখনো, আসুন আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই’ শীর্ষক প্রচারণা শুরু করে।
এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইলে নানা সমস্যা আছে সত্য। কিন্তু মাদকের বিস্তার যে কী পরিমাণ ছিল, তা বলে বোঝানো যাবে না। নারীসহ স্কুলের কোমলমতি শিশু ও নারীদের দিয়েও মাদক বহন করতেন ব্যবসায়ীরা।
পুলিশ বলছে, নড়াইল পৌরসভার ভওয়াখালি গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল আক্তার ও সদর উপজেলার নাকশি-রঘুনাথপুর গ্রামের গোলাম মোস্তফার নেতৃত্বাধীন দুটি সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে গোলাম মোস্তফা গ্রেপ্তার হয়েছেন। আর বাবুল আক্তার গা ঢাকা দিয়েছেন। তবে মাদক ব্যবসায়ীদের কারাগারে পাঠানো হলেও কিছুদিন পর তাঁরা জামিনে বের হয়ে এসে আবার অপকর্ম শুরু করেন। এটাই সবচেয়ে বড় সমস্যা।
অনুসন্ধানে জানা গেছে, নড়াইল পৌরসভার ভওয়াখলি গ্রামের পাশাপাশি শহরের সাবেক রেজিস্ট্রি অফিসের পাশের বস্তি, বনাশুলা, ডুমুরতলা, বাসটার্মিনাল এলাকা, রূপগঞ্জ পৌর সুপার মার্কেট, জমিদারবাড়ি ও মহিষখোলা সরদার পাড়া, পঙ্কবিলা, বাধাঘাট এলাকা, মাছিমদিয়া, মুলিয়া, ভাদুলিডাঙ্গা, আউড়িয়া ও নাকশিতে মাদক বেচাকেনা হতো। মাদক ব্যবসায়ীরা যশোর থেকে মাদক আনার সময় পুলিশের গতিবিধি লক্ষ রাখতে তাঁদের সহযোগীদের মুঠোফোন হাতে শহরের পুরোনো বাস টার্মিনাল, মুচিপোল, বউবাজার, নড়াইল-যশোর সড়কের প্রথম পোল, তুলারামপুর সেতু, চাচড়া কালভার্ট, গাবতলা, চিত্রা সেতু, এড়েন্দা বাসস্ট্যান্ড, লক্ষ্মীপাশা চৌরাস্তা মোড়, কুন্দশী চৌরাস্তা মোড়, ও কালনা ফেরিঘাট পর্যন্ত মোতায়েন করত। কিন্তু পুলিশ তৎপর হওয়ায় মাদকের এসব স্পট ও রুট এখন অনেকটাই ভেঙে দেওয়া গেছে।
পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত তিন মাসে (মার্চ-মে) মাদকবিরোধী অভিযানে ২৮০ জনকে গ্রেপ্তার করা হয় হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৯১৬টি ইয়াবা বড়ি, ১০ কেজি ২১৭ গ্রাম গাঁজা, ৪৬ লিটার ৬৫০ মিলিলিটার দেশি-বিদেশি মদ, ২০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ঘটনায় ২২৪টি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে ১০টি মাদক সিন্ডিকেটের নাম আছে। কথিত রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মাদক ব্যবসায়ীদের ইন্ধন দেওয়ায় দিন দিন নতুন ব্যবসায়ী সৃষ্টি হচ্ছে। সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।