নড়িয়ায় ইউপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। গত বুধবার বিজয় দিবসের অনুষ্ঠান শেষে এ হামলার ঘটনা ঘটে। সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌকিদারের এক সমর্থকের লোকজন এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোক্তারের চর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ব্যাপারীর সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌকিদারের বিরোধ রয়েছে। চেরাগ আলী মাদবর কান্দি গ্রামের আলাউদ্দিন ব্যাপারীর বসতবাড়িতেই ইউপির অস্থায়ী কার্যালয় অবস্থিত। বুধবার সেখানে বিজয় দিবসের অনুষ্ঠান করা হয়। বিকেলে শাহ আলম চৌকিদারের সমর্থক কাশেম মাদবর ৩০-৩৫ জন লোক নিয়ে পরিষদের সোলার প্যানেল, ডিশ অ্যান্টেনা ও ঘরের জানালা ভাঙচুর করেন। অনুষ্ঠান উপলক্ষে আনা আসবাবও ভাঙচুর করা হয়। এ সময় তাঁরা পরিষদের পাশে অবস্থিত ইউপি চেয়ারম্যানের ভাই লিটন ব্যাপারীর বসতঘর ভাঙচুর ও লুট করেন। এ ছাড়া পরিষদের সামনে থাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
অভিযোগ অস্বীকার করে শাহ আলম চৌকিদার বলেন, পারিবারিক বিরোধের কারণে তাঁদের বাড়িতে হামলা হয়েছে। বিজয় দিবসের কারণে হামলা হয়নি।
এ বিষয়ে কথা বলতে গতকাল বৃহস্পতিবার দুপুরে কাশেম মাদবরের বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘হামলার ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছিলাম। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’