নড়িয়ায় নৌপথে চাঁদাবাজি
শরীয়তপুরের নড়িয়া লঞ্চঘাট ও ওয়াপদা লঞ্চঘাট এলাকায় কীর্তিনাশা নদীতে নৌযান থেকে অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌযানের চালকদের মারধর করে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
নৌযানের কয়েকজন চালক, নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাট ও নড়িয়া লঞ্চঘাট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে কীর্তিনাশা নদী দিয়ে শরীয়তপুর, মাদারীপুর ও বরিশাল অঞ্চলে পণ্যবাহী নৌযান চলাচল করে। এই নদী দিয়ে প্রতিদিন ছোট-বড় দুই শতাধিক নৌযান চলাচল করে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাট এলাকায় বাবু ব্যাপারীর নেতৃত্বে সালাম মীর, সুমন শিকারি ও দ্বীন ইসলাম সরদার ছোট নৌযান থেকে ২০০ ও বড় নৌযান থেকে ৫০০ টাকা করে আদায় করছেন। কোনো চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে বা টাকা কম দিতে চাইলে তাঁদের মারধর করা হয়। এ ছাড়া নড়িয়া লঞ্চঘাট এলাকায় প্রতিটি নৌযান থেকে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। মিলন ব্যাপারী ও নুর মোহাম্মদ মিয়া নামের দুই ব্যক্তি ওই টাকা আদায় করছেন।
আবুল হোসেন মাঝি বলেন, এই পথে যাতায়াত করলেই চাঁদা দিতে হয়। চাঁদার টাকা দিতে না পারলে ওরা মারধর করে, আটকে রাখে।
ট্রলারচালক রফিকুল ইসলাম, সোনা মাঝি ও হারুন শেখ বলেন, এই পথ দিয়ে ট্রলার নিয়ে গেলেই তাঁদের টাকা দিতে হয়। টাকা কম দিতে চাইলে তাঁদের গালাগালি ও মারধর করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পান না।
৪ নভেম্বর ওয়াপদা ঘাটে দেখা যায়, একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে নদীতে ট্রলার থামিয়ে সালাম, সুমন ও দ্বীন ইসলাম চাঁদার টাকা তুলছেন। টাকা না দেওয়ায় তাঁরা তিনটি ট্রলার নদীর তীরে আটকে রেখেছেন।
এ ব্যাপারে সালাম, সুমন ও দ্বীন ইসলাম বলেন, ওয়াপদা লঞ্চঘাটের ইজারাদার বাবু ব্যাপারীর নির্দেশে তাঁরা ট্রলার থেকে ওই টাকা তুলছেন। তবে টাকা না দিলে তাঁরা কাউকে মারধর করেন না বলে দাবি করেন। বাবু ব্যাপারী বলেন, ‘আমি লঞ্চঘাটের ইজারাদার। ঘাটের ৫০০ মিটারের মধ্যে ইজারার টাকা উত্তোলন করে থাকি। কোনো ট্রলার আটকে টাকা রাখার কথা নয়। আমার নাম বলে কেউ এ কাজ করলে তার বিচার করা হবে।’
মিলন ব্যাপারী ও নুর মোহাম্মদ মিয়া জানান, তাঁরা নৌযানগুলোকে পথনির্দেশনা দিয়ে থাকেন। এ জন্য নৌযানচালকেরা তাঁদের খুশি হয়ে কিছু টাকা দিয়ে যান। টাকা আদায়ের জন্য তাঁরা কাউকে চাপ দেন না।
নড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, নৌপথে চাঁদাবাজির ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।