নড়িয়ায় হামলা পাল্টা হামলায় আহত ১০
শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকদের মধ্যে গত বুধবার হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে।
ওই ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার নড়িয়া বাজারে পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হন। এ সময় ছাত্রলীগ কর্মীরা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী রাজ্জাক উকিল বলেন, ‘মোটরসাইকেলচালকেরা আমাদের দুজন কর্মীকে মারধর করায় আমরা এর প্রতিবাদ জানাতে মিছিল করার উদ্যোগ নিই। তখন পুলিশ আমাদের ভুল বুঝে লাঠিপেটাকরে।’
নাম প্রকাশ না করার শর্তে এক মোটরসাইকেলচালক বলেন, ‘ছাত্রলীগ কর্মীরা তাঁদের অনুষ্ঠানে যাওয়ার জন্য কয়েকটি মোটরসাইকেল ভাড়া করেন। কিন্তু ঠিকমতো টাকা না দেওয়ায় আমাদের সঙ্গে ঝগড়া হয়।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা রেকর্ড হলে ব্যবস্থা নেওয়া হবে।