নয় ঘণ্টার অভিযানের পর জানা গেল 'সিঁধেল চোর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান-১ নম্বর গোলচত্বরের পাশে একটি মুঠোফোন কোম্পানির প্রধান কার্যালয়ের দক্ষিণ দিকের একটি ভবনে গতকাল চোর ঢোকে। এ ঘটনায় জঙ্গি হামলার আতঙ্ক ছড়িয়ে পড়লে ওই ভবনসহ আশপাশের এলাকা পুলিশ ঘিরে রাখে l ছবি: প্রথম আলো
গুলশান-১ নম্বর গোলচত্বরের পাশে একটি মুঠোফোন কোম্পানির প্রধান কার্যালয়ের দক্ষিণ দিকের একটি ভবনে গতকাল চোর ঢোকে। এ ঘটনায় জঙ্গি হামলার আতঙ্ক ছড়িয়ে পড়লে ওই ভবনসহ আশপাশের এলাকা পুলিশ ঘিরে রাখে l ছবি: প্রথম আলো

ভবনে সশস্ত্র লোকজন ঢুকেছে—এমন তথ্যে গতকাল মঙ্গলবার সকালে গুলশানের একটি বাণিজ্যিক ভবন ঘিরে রেখে দিনভর তল্লাশি চালিয়েছে পুলিশ। তল্লাশি শেষে কাউকে না পেলেও পুলিশ বলছে, চুরি করতে ভেতরে ‘সিঁধেল চোর’ ঢুকেছিল। বের হওয়ার সময় ভবনের নিরাপত্তারক্ষীরা তাদের দেখতে পেলে বিষয়টা জানাজানি হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত ভবনটি পুলিশের হেফাজতে ছিল।
এদিকে সকালে ভবন ঘিরে প্রচুর র্যা ব-পুলিশের উপস্থিতি, সাঁজোয়া যান, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ির আনাগোনা, সাধারণ যান চলাচল বন্ধ করে দেওয়া—এসব দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে অফিসগামী মানুষের মধ্যে। এ সময় জঙ্গি হামলার গুজবও ছড়ায়। মাত্র ৬৯ দিন আগে গুলশান এলাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দেশি-বিদেশি ২১ জন ও দুজন পুলিশ কর্মকর্তা নিহত হন।
গতকালের ঘটনা শুরু হয় সকাল আটটার দিকে, গুলশান-১ নম্বর গোলচত্বরের পাশে মুঠোফোন কোম্পানি রবির প্রধান কার্যালয়ের দক্ষিণ দিকের একটি ভবনে। ছয়তলা এই ভবনের নিচতলায় ব্র্যাক ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তারক্ষী সবুর মোল্লা তখন বুথের সামনে ঝাড়ু দিচ্ছিলেন। তিনি বলেন, এ সময় তিনি ভবনের নিচের কলাপসিবল গেটের শব্দ শুনে এগিয়ে যান। তিনি দেখেন, ভবনের ভেতর থেকে হ্যাকস ব্লেড দিয়ে এক তরুণ তালা কাটার চেষ্টা করছেন। তালা কেন কাটা হচ্ছে—জিজ্ঞেস করতেই ওই তরুণ চিৎকার করলে গুলি করার হুমকি দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে যান। ওই তরুণকে জঙ্গি মনে করে তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তিনি। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই গুলশান থানার পুলিশ ও র্যা বের সদস্যরা গাড়ি বোঝাই করে ঘটনাস্থলে আসেন। তাঁরা প্রথমেই ভবনটির চারপাশ ঘিরে ফেলেন। শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ ও র্যা বের সদস্যরা ভবনের ভেতরে ঢুকে প্রতিটি তলায় তল্লাশি চালান। তল্লাশি শেষে কাউকে না পেয়েই নিচে নামেন তাঁরা।
বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দীন আহমেদ কোরেশি সাংবাদিকদের বলেন, সশস্ত্র দুর্বৃত্তদের অবস্থানের খবর পেয়ে পুলিশ এখানে অভিযান চালায়। কাউকে আটক করা যায়নি, সেখান থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারজন চুরির জন্য ভেতরে ঢুকেছিল।
গুলশান জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আশরাফুল করিম প্রথম আলোকে বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে অভিযানে কাউকে ধরা যায়নি। পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা পালিয়েছে। এ সময় ভবন থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ছয়তলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় ইলেকট্রনিকস পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান এলজির শোরুম রয়েছে। আর ভবনের ছাদ থেকে উদ্ধার হওয়া ব্যাগ দুটিতে ১৭টি মুঠোফোন পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি এলজি ব্র্যান্ডের নতুন মুঠোফোন। চতুর্থ ও পঞ্চম তলায় ইউনিরয়্যাল সিকিউরিটি লি. ও নেক্সিম নামে দুটি সিকিউরিটি কোম্পানির কার্যালয়ে রয়েছে। সিকিউরিটি কোম্পানির কার্যালয়ে কিছু কাগজপত্র ওলটপালট করা হয়েছে।
চুরি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই ভবনে ঢুকেছিল উল্লেখ করে ওসি বলেন, ধারণা করা হচ্ছে গ্রিল কেটে চুরি করতে ঢুকেছিল সিঁধেল চোর। তারপরও পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
ভবনটির চারপাশে ঘুরে দেখা গেছে সামনে থেকে এটি ঝাঁ চকচকে হলেও পেছনে ভাঙাচোরা। পেছন থেকে দেখা যায়, পঞ্চম তলার পশ্চিম দিকে একটি জানালার গ্রিল কাটা। এ ছাড়া ওই তলায় আরও দুটি বড় ফোকর ও চতুর্থ তলাতেও একটি বড় ফাঁকা জায়গা রয়েছে। ষষ্ঠ তলার নির্মাণকাজ এখনো শেষ হয়নি। সেটির ছাদ হলেও চারদিকের দেয়াল তৈরি করা হয়নি। ভবনটির ভেতরে ঢোকার একমাত্র পথটি ও গাড়ি ঢোকার পথটি সামনের দিকে। পুলিশ কর্মকর্তারা বলছেন, গুলশানের মতো অভিজাত জায়গায় ভবনটি হলেও এর নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। পেছন দিক দিয়ে সহজেই ঢোকা সম্ভব। ভবনটির কোনো নিরাপত্তাকর্মীও ছিল না। সামনে ব্যাংকের বুথে সিসি ক্যামেরা থাকলেও পেছনে ও ভেতরে কিছুই ছিল না।
ঘটনা শুরুর প্রায় সাত ঘণ্টা পরে বেলা পৌনে তিনটার দিকে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তারা দীর্ঘ সময় ধরে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
এদিকে সন্ধ্যা পর্যন্ত ভবনে পুলিশ মোতায়েন ছিল। ভবনের বিভিন্ন তলায় কর্মরত লোকজনকেও দিনভর ঢুকতে দেওয়া হয়নি। সন্ধ্যা ছয়টার দিকে ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মানস কুমার পোদ্দার বলেন, সিআইডির ক্রাইম সিন কাজ করছে। কাজ শেষ হলে সেখান থেকে পুলিশ তুলে নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভবনটি জনসাধারণের জন্য নিয়ন্ত্রিত থাকবে বলে তিনি জানিয়েছেন।
রাত আটটার দিকে গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ভবন থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে ভবনটিতে স্বাভাবিক কাজকর্ম চলবে।