নয় দিন থেকে পিয়ন ছাড়া কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা-কর্মচারী না থাকায় নয় দিন থেকে শুধু একজন পিয়ন দিয়ে চলছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। মাঝে শুধু গত সোমবার জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেখানে এক দিন অফিস করেছেন। এ উপজেলায় আটটি নিম্ন মাধ্যমিক, ৩৪টি মাধ্যমিক, ২০টি মাদ্রাসা এবং ১০টি কলেজসহ মোট ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
জেলা শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকালে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বির হোসেন ও অফিস সহকারী কাম ডেটা এন্ট্রি অপারেটর তাহাজ্জদ হোসেন উপজেলার কাকিনা এমআরএম উচ্চবিদ্যালয় পরিদর্শনের উদ্দেশে রওনা হন। পথে একটি মোটরসাইকেলের ধাক্কায় তাঁরা দুজনই ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। মোবাশ্বির হোসেন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আর তাহাজ্জদ হোসেন চিকিৎসকের পরামর্শে বিশ্রামের জন্য ছুটিতে রয়েছেন। এর আগে ২০১৩ সালের ৪ নভেম্বর কালীগঞ্জ উপজেলার সহকারী মাধ্যমিক কর্মকর্তা আবদুল হাই বদলি হয়ে অন্যত্র চলে যান। এর আগে গত ২৮ জানুয়ারি কার্যালয়ের নৈশপ্রহরী মনজুরুল হক মারা যান। বর্তমানে এই কার্যালয়ে কর্মরত রয়েছেন পিয়ন (এমএলএসএস) মো. তাজুল ইসলাম।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে বর্তমানে শুধু একজন পিয়ন ছাড়া আর কেউ কর্মরত নেই। এ বিষয়টি অবহিত করে গত ২৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জরুরি পত্র দিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন তিনি।
পিয়ন মো. তাজুল ইসলাম বলেন, ‘গত ১০ দিন থেকে আমি একাই অফিসে আসছি। অফিস খোলা আর বন্ধ করা ছাড়া অন্য কিছু করার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত বা উপযুক্ত ব্যক্তি নই। গতকাল (সোমবার) জেলা শিক্ষা অফিসার স্যার এখানে এসে জরুরি কাজগুলো করেছেন।’