নয় দিন পর নাসিরনগরে স্বরাষ্ট্রমন্ত্রী

হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনার নয় দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৌঁছেছেন। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পাওয়া লিয়াকত আলীর আজ কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের (নাসিরনগর) সাংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
স্বরাষ্ট্রমন্ত্রী নাসিরনগরে
মন্ত্রীর সঙ্গে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে নাসিরনগরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী এবং র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী নাসিরনগরে প্রথমে ক্ষতিগ্রস্ত গৌরমন্দির পরিদর্শন করবেন। পরে তিনি স্থানীয় আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি জনসমাবেশে যোগ দেবেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও ওই সমাবেশে সব ধর্মের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
নাসিরনগরে নতুন ইউএনও
ফেসবুকের একটি ছবিকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এর চার দিন পর বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আবার হামলা হয়। পরিস্থিতি সামালে ব্যর্থতার দায়ে প্রথমে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে এবং পরে ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহমদকে প্রত্যাহার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান গতকাল সোমবার রাতে প্রথম আলোকে বলেন, লিয়াকত আলী নাসিরনগরের নতুন ইউএনওর দায়িত্ব পেয়েছেন। তিনি আজ কর্মস্থলে যোগ দেবেন।
মন্ত্রীর বিরুদ্ধে মিছিল, মামলার চিন্তা
মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে মানহানির মামলা করবে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে ছাত্রলীগের নেতারা মন্ত্রীর বিরুদ্ধে মিছিল করেছেন। স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতারাও তাতে অংশ নেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে জেলার নেতাদের সঙ্গে মন্ত্রীর বিরোধ চলছে। এর জের ধরে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর পদ থেকে ছায়েদুল হককে প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করে জেলা আওয়ামী লীগ।

নাসিরনগরের ঘটনার বিষয়ে ৬ নভেম্বর দুপুরে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রী ছায়েদুল হক। সংবাদ সম্মেলন শেষ করার পর জেলা আওয়ামী লীগের সঙ্গে তাঁর বিরোধ প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘গত ইউপি নির্বাচনে উপজেলার হরিপুর ও গুনিয়াউক ইউপি চেয়ারম্যান পদে টাকা নিয়ে প্রার্থী দেওয়া হয়। রবিউল নিয়েছে ৭৫ লাখ (সদরের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী) ও মামুন (জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার) ৪০ লাখ টাকা খেয়েছে।’ বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে উল্লেখ করেন।
মন্ত্রীর এই বক্তব্যের পর গতকাল সন্ধ্যায় জেলা ছাত্রলীগের নেতারা এলাকায় মিছিল করেন। ছায়েদুল হকের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী ছায়েদুল হক আগেও এমন অভিযোগ করেছেন। সে সময় তাঁর এই অভিযোগের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে। ৮-১০ দিন আগে দ্বিতীয় নোটিশ পাঠিয়েছি। এখন বিষয়টি আমরা আইনের মাধ্যমে দেখব। মন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। টাকার অভিযোগ এখন মন্ত্রীকে প্রমাণ করতে হবে।’