নয় দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বেসরকারি ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চারটি এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় নয় দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনাক্ত হওয়া পাঁচ বিদেশি নাগরিকের বিষয়ে বাংলাদেশে অবস্থিত তাদের দূতাবাসের সহায়তা চাওয়া হয়েছে।
কার্ড জালিয়াতির ঘটনায় ১২ ফেব্রুয়ারি ইউসিবি বনানী থানায় ও ১৫ ফেব্রুয়ারি সিটি ব্যাংক পল্লবী থানায় মামলা করে। মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ও ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে একাধিক বিদেশিকে নজরদারিতে রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও নবগঠিত কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় ইউরোপের পাঁচটি দেশের পাঁচজন নাগরিকের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাঁরা রোমানিয়া, ইউক্রেন, লিথুয়ানিয়া, বুলগেরিয়া ও লাটভিয়ার নাগরিক। তাঁদের মধ্যে দুজন এখনো বাংলাদেশে অবস্থান করছেন।
তদন্ত-সংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই পাঁচ দেশের পাঁচ নাগরিকের বিষয়ে বাংলাদেশে অবস্থিত ওই দেশগুলোর দূতাবাসের সহায়তা চাওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ইস্টার্ন, সিটি ও ইউসিবির গুলশান, বনানী ও মিরপুরের কালশী এলাকার চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের বিশেষ যন্ত্র বসিয়ে গ্রাহকের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি ও পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ৬ ফেব্রুয়ারি থেকে ব্যাংকের এ ধরনের জালিয়াতির ঘটনা ঘটানো হলেও ১২ ফেব্রুয়ারি তা জানাজানি হয়। ওই দিন ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক মোবাইল ফোনের খুদেবার্তার মাধ্যমে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে ব্যাংকে অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।