নয়জনকে অচেতন করে মালামাল লুটের ঘটনায় নারী আটক
রাজধানীর চকবাজারে এক বাড়ির নয়জনকে অচেতন করে মালামাল লুট করার ঘটনায় শিল্পী বেগম (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শিল্পীই ওই বাড়ির পলাতক গৃহকর্মী স্বপ্না। বাড়ির লোকদের অচেতন করে তিনি টাকা, গয়নাসহ মালামাল নিয়ে পালিয়েছিলেন। গত বুধবার রাতে কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, শিল্পীর কাছ থেকে চুরি যাওয়া ৩৪ হাজার ৮৫০ টাকা, ১০ ভরি সোনার গয়না, ছয় ভরি রুপা, দুটি মুঠোফোন ও কাপড়চোপড় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শিল্পী ১৪ নভেম্বর চকবাজারের জয়নাগ রোডের হাজি মোহাম্মদ তাজউদ্দিনের বাসায় স্বপ্না পরিচয়ে গৃহকর্মীর কাজ নেন। তিনি ১৭ নভেম্বর রাতে খাবারের সঙ্গে চেতনানাশক বড়ি মেশান। ওই খাবার খেয়ে বাসার নিচতলায় নয়জন অচেতন হয়ে পড়েন। এরপর বাসায় থাকা মালামাল লুট করে তিনি পালিয়ে যান। বাড়ির অন্যরা পরদিন সকালে অচেতন ওই নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা হয়।
ওসি আজিজুল বলেন, ধারণা করা হচ্ছে, শিল্পী অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, গৃহকর্মী সেজে বিভিন্ন বাসাবাড়িতে কাজ নিয়ে বাসার লোকদের চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁরা মালামাল লুট করেন। তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।