নয়জনের বিরুদ্ধে গিগগিরই অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ষোলোশহর ২ নম্বর গেট এলাকায় নৃশংস জোড়া খুনের মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ। চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই ছাত্রলীগ সমর্থককে খুন করেন যুবলীগের নামধারীরা।
অভিযুক্ত খুনিদের নির্দেশদাতা হিসেবে রয়েছেন স্থানীয় যুবলীগ নামধারী আবুল বশর। ঘটনার নয় মাস পর তদন্তে উঠে এসেছে এ খুনের রহস্য। খুনে অংশ নেওয়া ছয়জন, নির্দেশদাতা দুজনসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া।
অভিযোগপত্রে থাকা আসামিরা হলেন সাদ্দাম ওরফে ব্লেড বাছা, মো. শাহেদ, শাহ আলম, আবুল বশর, মো. জাহাঙ্গীর, মো. বাহার, আবদুল আলী ওরফে লেদু, নুর আলম ভুট্টো ও মো. হাছান। তাঁদের মধ্যে আবুল বশর, আবদুল আলী লেদু ও হাছান পলাতক। অন্যরা ঘটনার পর গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
গত ১৮ মার্চ বেলা সাড়ে ১১টায় নগরের ২ নম্বর গেট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ভেতর সেপটিক ট্যাংক থেকে কামরুল হাসান (১৮) ও মোহাম্মদ ফোরকানের (২০) লাশ উদ্ধার করে পুলিশ। কামরুল নগরের ওমর গণি এমইএস কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। ফোরকান নগরের ইপিজেডে একটি কারখানায় কর্মরত ছিলেন। তাঁরা দুজনেই বন্ধু এবং ছাত্রলীগের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। ঘটনার পর তাঁদের সমর্থকেরা ওই এলাকায় ভাঙচুর করেন। পরে এ ঘটনায় হত্যা ও ভাঙচুরের আইনে পৃথক দুটি মামলা করা হয় নগরের খুলশী থানায়।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই রাসেল মিয়া প্রথম আলোকে বলেন, খুনে অংশ নেওয়া গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তদন্তে উঠে এসেছে, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদা দাবি ও মারধরের প্রতিশোধ নিতে ফোরকান ও কামরুলকে শ্বাসরোধে হত্যা করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়। আর খুনের নির্দেশদাতা হিসেবে ছিলেন স্থানীয় আবুল বশর ও হাছান। নয়জনের বিরুদ্ধে সপ্তাহ খানেকের মধ্যে শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
তদন্ত কর্মকর্তার সঙ্গে একমত পোষণ করে অভিযোগপত্র দাখিলের জন্য গত সোমবার সুপারিশ করেন চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী।
তিনি প্রথম আলোকে বলেন, ‘এজাহারে থাকা আসামি, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসা আসামিদের বিরুদ্ধে তদন্তে খুনের প্রাথমিক সত্যতা পাওয়ায় জোড়া খুনের মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সুপারিশ করেছি তদন্তের সাক্ষ্য স্মারকে।’
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, ঘটনার এক দিন পর গ্রেপ্তার হয়ে মামলার আসামি সাদ্দাম, মো. শাহেদ, শাহ আলম ও মো. বাহার ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চট্টগ্রাম মহানগর হাকিমের খাস কামরায়। আর সাক্ষী হিসেবে বিচারিক জবানবন্দি দেন তাঁদের সহযোগী জান্নাতুল ফেরদৌস ও জান্নাত নামের দুই নারী।
অভিযোগপত্রে রয়েছে, ছয়জনের স্বীকারোক্তিতে দুই যুবককে ডেকে এনে গলায় রশি পেঁচিয়ে পায়ের রগ কেটে খুন করার বিষয়টি উঠে আসে। পরে তাঁদের লাশ নিমার্ণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। শাহ আলমকে মারধর এবং পূর্বশত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটে। খুনে ১০ জন অংশগ্রহণ করেন।
খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে আবুল বশর বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য জবানবন্দিতে মিথ্যা তথ্য দিয়েছে গ্রেপ্তার আসামিরা। আমি তাদের চিনিও না।’ নগরের ষোলোশহর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে দাবি করেন আবুল বশর।
নিহত কামরুল ও ফোরকান ছাত্রলীগের কর্মী ছিলেন কি না, জানতে চাইলে নগরের ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক জানান, কামরুল ও ফোরকান ছাত্রলীগের সমর্থক ছিলেন। তাঁরা মিছিল-মিটিংয়ে অংশ নিতেন। পরে তাঁরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় তাঁদের মিছিলে অংশ নিতে দেওয়া হতো না।