নয়টি ওষুধের দোকানকে ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ, মানহীন, নিবন্ধনহীন ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের হাজারী গলির নয়টি দোকানকে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান চলে। এতে নেতৃত্ব দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে মেসার্স সুপা অ্যান্ড সন্সকে তিন লাখ টাকা, মেসার্স বণিক ফার্মেসিকে এক লাখ টাকা, মেসার্স এ এস ফার্মেসিকে ৭০ হাজার টাকা এবং মেসার্স এ গফুর ফার্মা, মেসার্স ফ্যামিলি ফার্মেসি, মেসার্স বিশ্বাস ফার্মেসি, মেসার্স আনজুমান ফার্মেসি, মেসার্স মক্কা ফার্মেসি এবং জয়া ফার্মাকে ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
রযাা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, অভিযানে প্রায় এক লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। এগুলো পরে নষ্ট করা হয়।
এদিকে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নগরের দামপাড়ার হ্যান্ডি রেস্তোরাঁকে আড়াই লাখ টাকা এবং লালখান বাজারের হাইওয়ে সুইটসকে তিন লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে এই অভিযান চালানো হয়।