নয়াবাজারে নারীকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নয়াবাজারে আসমা বেগম (৩৮) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ নয়াবাজার এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির মালিক এখলাস মিয়া ও তাঁর পরিবারের চারজনকে আটক করেছে।
নিহত আসমার চাচাতো ভাই মির্জা কবীর সাংবাদিকদের বলেন, আসমা বেগম নয়াবাজারের ৩২ প্রসন্ন পোদ্দার লেনের পঞ্চম তলায় একা থাকতেন। তিনি জমি কেনাবেচার ব্যবসা করতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি পাওনা টাকা আদায়ের জন্য বাসা থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। গতকাল বুধবার সকালে এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ খোঁজ করার একপর্যায়ে দুপুরে নয়াবাজার এলাকার ৩১/এ, সৈয়দ আওলাদ হোসেন লেনের নির্মাণাধীন বাড়ির নবম তলায় আসমার লাশ পড়ে থাকতে দেখে। তাঁর মুখে লাল রঙের স্কচটেপ লাগানো ও গলা নীল রঙের ওড়না দিয়ে প্যাঁচানো ছিল। ওই বাড়িটি এখলাস মিয়ার।
পুলিশ জানায়, এখলাস মিয়ার বাড়ির একটি ফ্ল্যাট ২৫ লাখ টাকায় কিনেছিলেন আসমা। তবে টাকা নেওয়ার পরও ফ্ল্যাটটি আসমার নামে নিবন্ধন করে দিতে গড়িমসি করছিলেন এখলাস। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই মঙ্গলবার রাতে আসমাকে ধরে এনে এই বাড়িতে খুন করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, আসমা অবিবাহিত ছিলেন। এ ঘটনায় বাড়ির মালিক এখলাস মিয়া ও তাঁর পরিবারের আরও চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, লেনদেন নিয়ে বিরোধের জের ধরে আসমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আসমার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার যাত্রাপুর এলাকায়। তাঁর বাবা মৃত শামসুদ্দিন মির্জা। ময়নাতদন্তের জন্য লাশ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।