পঁচিশে পা দিয়েই যেতে হলো তনয়কে
‘ছোট বাচ্চারা যেভাবে কোলবালিশ নিয়ে ঘুমায়, তনয়ও সেভাবেই ঘুমাত। সেই ঘুমের ভঙ্গিতেই তনয়ের লাশ পড়ে ছিল মেঝেতে। গত রোববার ওর ২৫তম জন্মদিন ছিল।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মাহবুব রাব্বী তনয়ের মা।
তনয়ের বোন জাকিয়া রাব্বী বললেন, তাঁর ভাইয়ের গতকাল সোমবার বিকেলে লোকনাট্য দলের একটি নাটকের মহড়ায় অংশ নিতে যাওয়ার কথা ছিল। কিন্তু কেন তিনি ওই বাসায় গিয়েছিলেন, তা তাঁরা জানেন না। জাকিয়া আরও বলেন, হয়তো কোনো কাজে গিয়েছিলেন।
গতকাল কলাবাগানের একটি বাসায় ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তনয় ও যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নানকে।
তনয়ের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। তাঁর লাশ প্রথমে শিল্পকলা একাডেমিতে নেওয়া হবে। এরপর আজই লাশ রাজধানীর মিরপুরের জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হবে। তনয়ের বাবা খন্দকার নূরে রাব্বী বিদেশি জাহাজ কোম্পানিতে চাকরি করেন। আজই তিনি দেশে ফিরেছেন। তনয়ের গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
তনয় লোকনাট্য দলের হয়ে ‘কঞ্জুস’ নাটকের ২০০টি পর্বে অংশ নিয়েছেন। নাটক করতে তিনি ফ্রান্স, ভারত ও তুরস্কের ইস্তাম্বুলে গিয়েছিলেন।
গতকাল বিকেলে তনয় খুন হলেও তাঁর বাবা ও বোন জেনেছেন রাতে। তনয় বেসরকারি একটি টেলিভিশনের পাপেট শোর জন্য কাজ করতেন। ওই টেলিভিশনের এক কর্মকর্তা তাঁদের ফোন করে খোঁজ নিতে বলেন। এরপর রাতে তনয়ের মা ও বোন কলাবাগানের আছিয়া নিবাসে নিয়ে লাশ শনাক্ত করেন।
বোন জাকিয়া বলেন, জুলহাজের পেছনে তনয়ের লাশ পড়ে ছিল। তনয় বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করতেন। নাটকের কারণে পড়াশোনায় বিরতি ছিল। গতকাল প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে তনয়ের নাটকের মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল।