পকেট খালির পুলিশই খালি করছে রাস্তার গাছ!

রাস্তাটির নাম পকেট খালি। এ রাস্তায় রাতে বের হলে পকেট খালি হবেই। রাস্তাটি রাজশাহী ও নাটোরের চারটি থানা এলাকার মধ্যে পড়েছে। পথচারীদের পকেট বাঁচাতে এখানে বসানো হয়েছে একটি পুলিশ ফাঁড়ি। এই ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে রাস্তার গাছ কেটে রান্নার কাজে লাগানোর অভিযোগ উঠেছে।
এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর পুঠিয়া উপজেলা সদর থেকে বাঘা উপজেলার আড়ানী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়কে পুঠিয়া, চারঘাট ও বাঘা এবং নাটোরের বাগাতিপাড়া থানার এলাকা রয়েছে। রাস্তাটির বাগাতিপাড়া অংশে পুলিশ ফাঁড়ি করা হয়েছে। রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের ২০ জন সদস্য এখানে দায়িত্ব পালন করছেন। ফাঁড়িটি নিয়ন্ত্রণ করে বাগাতিপাড়া থানা।
পুঠিয়া বন বিভাগ সূত্রে জানা গেছে, বন বিভাগের পক্ষ থেকে ওই রাস্তায় এর আগেও গাছ লাগানো হয়েছিল। তখন দুষ্কৃতকারীরা প্রায় সব গাছ কেটে নিয়ে যায়। এরপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চারঘাটের পক্ষ থেকে ২০০৪-০৫ অর্থবছরে ওই সড়কে প্রায় সাড়ে পাঁচ হাজার নিম, রেইনট্রি, কড়ই ও মেহগনি বৃক্ষ রোপণ করা হয়। ফাঁড়ির পুলিশ সদস্যরা এখন এই গাছ কেটে রান্নার কাজে লাগাচ্ছেন। এই সুযোগে এলাকার দুষ্কৃতকারীরাও ওই রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, রাস্তার বেশির ভাগ এলাকার গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। কোথাও কোথাও শুধু গাছের মূল (গোড়া) রয়েছে। এ সময় পুলিশ ফাঁড়ির দেয়াল ঘেঁষে রাস্তায় লাগানো একটি নিমগাছের গোড়া কুড়াল দিয়ে কাটছিলেন কমিউনিটি পুলিশের পোশাক পরা এক ব্যক্তি। এর কিছুক্ষণ আগেই পাশের গাছটিও কাটা হয়েছে। ছবি তোলার জন্য ক্যামেরা বের করলে লোকটি গাছ কাটা থামিয়ে সোজা হয়ে দাঁড়ান। পাশেই আরেক লোক দাঁড়িয়ে থেকে গাছ কাটা দেখছিলেন। তিনি কাছে এসে বললেন, ভাই এই লোকটা গরিব মানুষ, তাঁর যেন কোনো ক্ষতি না হয়। পুলিশ গাছ কেটে ফাঁড়ির রান্নার কাজ করাচ্ছে। ওই লোকটার কোনো দোষ নেই। তবে যিনি গাছ কাটছিলেন তিনি বললেন, অন্য কথা। তাঁর কথা হচ্ছে, রাস্তার গাছের কারণে ফাঁড়ির ভেতরের আমগাছের ক্ষতি হচ্ছে, তাই তিনি রাস্তার গাছ কাটছেন।
রাস্তার গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিতে হয়। সেই অনুমতি আছে কি না, জানতে চাইলে গাছ কর্তনকারী কোনো কথা বলেননি। পাশেই পুলিশ ফাঁড়ির ফটকে অস্ত্র হাতে পাহারায় দাঁড়িয়ে ছিলেন এক পুলিশ সদস্য। তাঁর কাছে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে—জানতে চাইলে ভেতরে মাচায় পোশাক ছাড়া বসা একজনকে দেখিয়ে দেন। ফাঁড়ির ভেতরে দেখা যায়, এর আগে কাটা গাছসহ বেশ কয়েকটি কাটা গাছ রান্নাঘরের পাশে ফেলে রাখা হয়েছে।
ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই ফজলে এলাহীর কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গত সোমবার রাতে তিনি এখানে যোগ দিয়েছেন। কমিউনিটি পুলিশের যে ব্যক্তি গাছ কাটছিলেন, তিনি গাছ কাটার ব্যাপারটি বলতে পারবেন। গাছ কাটা বন্ধ রেখে কমিউনিটি পুলিশের ওই ব্যক্তি ভেতরে এসে বলেন, আগের কাটা গাছগুলো চোরে কেটেছিল। নিয়ে যেতে পারেনি। তাঁরা এনে ভেতরে রেখেছেন।
গাছ কাটার ব্যাপারে জানানো হলে চারঘাট এলজিইডির কমিউনিটি অরগানাইজার আতাউর রহমান পুলিশকে খবর দিতে বলেন। পুলিশ নিজেই গাছ কাটাচ্ছে শুনে তিনি বলেন, ‘তাহলে আর আমাদের কী করার আছে?’