পকেট মারার অভিযোগে পাঁচ নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান থেকে পকেট মারার অভিযোগে গতকাল বুধবার পাঁচ নারীকে আটক করেছে পুলিশ। তাঁদের সঙ্গে দেড় বছর ও ১০ মাস বয়সী দুটি শিশু রয়েছে। এই দুই শিশুর পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের টহল দল সকাল সাড়ে নয়টার দিকে গুলিস্তান কমপ্লেক্সের সামনে থেকে ওই পাঁচ নারীকে আটক করে। তাঁরা হলেন নাজমা বেগম (৩২), তাসলিমা বেগম (২৫), নীলম (৩৬), কুলসুম (৩৬) ও দিলারা (২৪)।
সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট নাসিরউদ্দিন সরকার বলেন, ওই পাঁচ নারী সঙ্গে থাকা শিশুদের জন্য সাহায্য চাওয়ার অজুহাতে গুলিস্তান ও আশপাশের এলাকায় মূলত নারী পথচারীদের ঘিরে ধরে পকেট মারতেন এবং মুঠোফোন ও মালামাল হাতিয়ে নিতেন। এ ছাড়া তাঁরা সংঘবদ্ধ হয়ে বাসে উঠে যাত্রীদের পকেট মারতেন। পাঁচজনের মধ্যে নীলমের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। অন্য চারজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। ঢাকায় তাঁরা হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার এক বস্তিতে থাকেন। তাঁদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে।