পকেটে চিরকুট, দেহটা ঝুলছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘...আমি তাদের সবাইকে বারবার বলছি, আমি চুরির ব্যাপারে কিছুই জানি না...। কিন্তু তারপরও আমাকে সবাই দায়ী করেছে। তাই আমি নিজেকে শেষ করে দিলাম।’ হাতে লেখা চিরকুটটি পকেটেই ছিল। আর রাকিবুল ইসলামের (২৫) নিথর দেহটি ঝুলছিল ঘরের আড়ার সঙ্গে। গতকাল রোববার রাজধানীর শনির আখড়ার স্মৃতিধারা রোড এলাকা থেকে রাকিবুলের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রাকিবুলের চাচাতো ভাই শফিকুল ইসলাম বলেন, রাকিবুল কদমতলীর জিয়া সরণির লোহার ব্রিজের পাশের একটি ইলেকট্রনিকস (মূলত টিভি, ফ্রিজ) সরঞ্জামের দোকানে কাজ করতেন। সম্প্রতি দোকানটিতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক বিপ্লব রাকিবুলকে দায়ী করে চাপ দিতে থাকেন। একপর্যায়ে গতকাল দুপুরে বাসার পাশে গোসলখানাসংলগ্ন একটি ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাকিবুল। পরে তাঁর বাবা রবিউল ইসলামসহ বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল চারটার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর প্যান্টের পকেটে পাওয়া যায় চিরকুটটি, যেখানে রাকিবুল লিখে গেছেন দোকানমালিক বিপ্লব চুরির অপবাদ দেওয়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। চিরকুটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি তদন্তের বিষয়।