পঙ্গু ব্যক্তির জায়গা দখলের অভিযোগ
কিশোরগঞ্জ শহরতলির পূর্ব তারপাশা এলাকার কয়েকজনের বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রশাসন ও পুলিশ বিভাগের কাছে প্রতিকার চেয়েও পাচ্ছেন না তিনি।
ওই ব্যক্তির নাম সাহেদ আলী। তিনি পঙ্গু। গতকাল বুধবার জেলা প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি লিখিত বক্তব্যে বলেন, প্রতিবেশী নাজিম উদ্দিন ব্যাপারী, গিয়াস উদ্দিন, আলাউদ্দিনসহ তাঁদের সাঙ্গপাঙ্গরা বহু বছর ধরে তাঁকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করার জন্য ভয়ভীতি দেখিয়ে আসছেন। ওই ব্যক্তিরা প্রথমে সাহেদ আলী ও কয়েক প্রতিবেশীর পানিনিষ্কাশনের জায়গা মাটি ফেলে বন্ধ করে দেন। এরপর ইটের দেয়াল তৈরি করে জায়গাটি দখল করেন এবং মারধরের ভয় দেখিয়ে তাঁদের গৃহবন্দী অবস্থায় রাখেন। অথচ ওই জায়গার বিপরীতে তিনি ভূমি উন্নয়ন করও পরিশোধ করেছেন। সেখানে তাঁর ২ একর ১৮ শতক জায়গা আছে। এর মধ্যে নাজিম উদ্দিনের পরিবার প্রায় এক একর জায়গা দখল করে নিয়েছেন। তিনি জায়গা উদ্ধারের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। ওই ব্যক্তিরা এলাকার আরও বেশ কিছু মানুষের বাড়ি ও জমিজমা দখল করে নিয়েছেন।
এ ব্যাপারে নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সাহেদ আলীর পূর্বপুরুষের জায়গা আগেই বিক্রি হয়ে গেছে। ক্রেতাদের নামে রেকর্ডও হয়েছে। সেই জায়গাই তাঁরা নবী হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। কাজেই জায়গা দখলের অভিযোগ সত্য নয়।