পঙ্গু হয়ে বাড়ি ফিরলেন শাহানূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরতরে পঙ্গু হয়েই বাড়ি ফিরেছেন ঝিনাইদহের শাহানূর বিশ্বাস। প্রায় দুই মাস চিকিৎসা শেষে গত সোমবার রাতে কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে ফেরেন এই দরিদ্র বর্গাচাষি।
মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন শাহানূর। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর হামলা চালায় বখাটেরা। শেষ পর্যন্ত তাঁর দুটি পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে।
শাহানূর বিশ্বাস গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, তিনি এখনো সম্পূর্ণ সুস্থ বোধ করছেন না। তবে খানিকটা ভালো লাগায় ৫০ দিনের চিকিৎসা শেষে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) থেকে বাড়ি ফিরেছেন। এখন বিছানায় শুয়ে দিন কাটছে শাহানূরের। বর্তমানে বাড়িতে পুলিশের পাহারা রয়েছে। নিরাপত্তার অভাব না থাকায় এখন নিরাপদ মনে করছেন।
শাহানূর বলেন, চিকিৎসকেরা ১৫ দিন পর আবার যেতে বলেছেন। এখন পর্যন্ত চিকিৎসায় চার লাখ টাকা ব্যয় হয়েছে। তিনি দুঃখ করে বলেন, ‘স্বাভাবিকভাবে কোনো কাজই তো আর করতে পারব না। সংসারটা কীভাবে চালাব, সেই চিন্তায় আছি।’
গত ১৬ অক্টোবর সন্ত্রাসীরা হাতুড়ি, রড ও শাবল দিয়ে শাহানূরকে পিটিয়ে গুরুতর আহত করে। তাঁকে উদ্ধার করে প্রথমে যশোর ও পরে ঢাকার হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তাঁর দুই পা কেটে ফেলতে হয়।
হামলার ঘটনায় শাহানূরের ভগ্নিপতি ইয়াকুব আলী ঝিনাইদহ আদালতে ২০ অক্টোবর একটি মামলা করেন। মামলায় কামাল হোসেন, বিল্লাল, জাহিদ, ইন্দাদুল, দুখু, হাসান ও মোতালেব নামের সাতজনকে আসামি করা হয়। আদালত এ মামলায় কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলামকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ৬ নভেম্বর তাঁর (শাহানূর) ভাই সামাউল বিশ্বাস কালীগঞ্জ থানায় আরেকটি মামলা করেন। এ মামলায় ওই ৭ জনসহ ১৬ জনকে আসামি করা হয়।
ওই ঘটনায় ২২ নভেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এক আদেশে সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দী করার নির্দেশ দেন। পরের দিন ১৩ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। বর্তমানে ১৫ জন কারাগারে রয়েছেন। একজন আছেন জামিনে।