পচা চিটাগুড় ডালডা ও গাম দিয়ে তৈরি হচ্ছিল গুড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল কুষ্টিয়ার খোকসা বাজার এলাকায় ভেজাল গুড় তৈরির দায়ে নিত্য গোপাল দোঁজালীকে (গুড় তৈরির কারখানা) এক লাখ টাকা জরিমানা করেন l প্রথম আলো
ভ্রাম্যমাণ আদালত গতকাল কুষ্টিয়ার খোকসা বাজার এলাকায় ভেজাল গুড় তৈরির দায়ে নিত্য গোপাল দোঁজালীকে (গুড় তৈরির কারখানা) এক লাখ টাকা জরিমানা করেন l প্রথম আলো

পচা দুর্গন্ধযুক্ত চিটাগুড়, ময়লাযুক্ত চিনি, ডালডা ও গাম মিশিয়ে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিল গুড়। গোপনে খবর পেয়ে কুষ্টিয়ার খোকসা বাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
পরে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির দায়ে তিনটি কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্ব দেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রেবেকা খান। এ সময় তাঁর সঙ্গে খোকসা থানা-পুলিশের কয়েকজন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খোকসা বাজারে কয়েকটি দোঁজালী কারখানায় (গুড় তৈরির কারখানা) ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। সেখানে গুড়ে ভেজাল মেশানো রাসায়নিক দ্রব্য, ময়লাযুক্ত চিনি, পচা দুর্গন্ধযুক্ত চিটাগুড়, ডালডা ও গাম দেখা যায়।
অভিযানে ষষ্টি দোঁজালী কারখানাকে এক লাখ টাকা, নিত্য গোপাল দোঁজালীকে এক লাখ টাকা ও আলমাস দোঁজালীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করা হয়।
নির্বাহী হাকিম রেবেকা খান বলেন, ‘ওই তিন কারখানায় এতটাই অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি হচ্ছিল যে সেখানে অভিযানের সময় আমি নিজে অসুস্থবোধ করেছি। এসব গুড় জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।’
নির্বাহী হাকিম আরও বলেন, কারখানাগুলোকে জরিমানাসহ সতর্ক করে দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কারখানার পরিবেশ সুন্দর, স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত না করলে আবার অভিযান চালানো হবে। তখন অনিয়ম পেলে কারখানাগুলো সিলগালা করে দেওয়া হবে।