পচা-বাসি ইফতারি, সাড়ে তিন লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশ। দীর্ঘদিনের পচা বাঁধাকপি। দুর্গন্ধে টেকা দায়। বাজার থেকে সবচেয়ে নিম্নমানের পচা সবজি সংগ্রহে রাখা হয়েছে। পচা বেগুন, গাজর ও শসা। দায়িত্বশীল কেউ বলতে চান না কবে সেগুলো কেনা হয়েছে। ফ্রিজের ভেতর পচা-বাসি মাংস। পাঁচ থেকে সাত দিনের তেল বারবার ব্যবহারের করে কুচকুচে কালো মবিলের মতো। এসব দিয়ে তৈরি হচ্ছে ইফতারি। নেই পরিষ্কার-পরিচ্ছন্নতার লেশমাত্র।
এটি রাজধানীর চানখাঁরপুল ক্যান্ডেল লাইট রেস্টুরেন্ট। ভ্রাম্যমাণ আদালতের আগমনের খবরে ভেতর থেকে তালা মেরে রাখা হয়। তালা খুলে ভেতরে ঢোকেন আদালত। এ ছাড়া চানখাঁরপুলের বনফুল অ্যান্ড কোং প্রতিষ্ঠানটিতে খাবারের প্যাকেটের গায়ে মেয়াদ ও প্রস্তুতির তারিখবিহীন বেকারি খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়। পুরোনো বাসি জিলাপি বিক্রির জন্য প্রদর্শনীতে দেখা যায়।
আজ বুধবার দিনব্যাপী এ ভেজালবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন, এপিবিএন-৫, বিএসটিআই এর। অভিযানে উঠে আসে এ অনিয়ম ও প্রতারণার চিত্র।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অন্যায়ভাবে পচা-বাসি, ভেজাল খাবার তৈরি ও বিক্রির অভিযোগে ক্যান্ডেল লাইট রেস্টুরেন্টের মালিক স্বপন চৌধুরীকে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং বনফুল অ্যান্ড কোং-এর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে ভ্রাম্যমাণ আদালতটি আরও ছয়টি হোটেল ও খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালালেও প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা ও প্রস্তুতকৃত খাদ্যসামগ্রীর মান দেখে সন্তোষ প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ দেওয়া হয় এবং অধিকতর মান উন্নয়নের জন্য পরামর্শ দেওয়া হয়।
৫-এপিবিএনের সিনিয়র এএসপি সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ নজরদারির পর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন যাবৎ অভিযানের কারণে বেশ কিছু প্রতিষ্ঠানের মান আগের তুলনায় বেশ ভালো। যাদের সমস্যা পাওয়া যাচ্ছে, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে।