পচা ও দুর্গন্ধযুক্ত মাংস রাখা এবং রান্নাঘর অপরিচ্ছন্ন থাকায় জিইসি মোড়ের খাবারের দোকান ক্যান্ডিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নগরের চৌমুহনী ও বক্সিরহাট বাজারের আরও আটটি দোকানকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের তিনটি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।
গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী, শান্তা রহমান ষোলশহরের চিটাগং শপিং কমপ্লেক্স ও জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজায় কাপড়ের দোকানে অভিযান চালান। অভিযানে কাপড় বিক্রেতাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ পাননি তাঁরা। এরপর তাঁরা সেন্ট্রাল প্লাজার নিচতলায় ‘ক্যান্ডি’ নামের একটি খাবারের দোকানে অভিযান চালান।
অভিযানের বর্ণনা দিয়ে সৈয়দ মোরাদ আলী প্রথম আলোকে বলেন, ক্যান্ডির ভেতরে দুর্গন্ধযুক্ত ও পচা মাংস স্তূপ করে রাখা হয়েছিল। ওই মাংস দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা হচ্ছিল। রান্নাঘরও ছিল অপরিচ্ছন্ন। এ জন্য প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল নগরের চৌমুহনী কর্ণফুলী মার্কেটে মেয়াদোত্তীর্ণ গুঁড়ো রাখার দায়ে একজন মুদি দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার। এ ছাড়া নগরের বক্সিরহাটে পাটের বস্তার ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্যতালিকা না টানানোয় ছয়টি মুদির দোকান ও একজন সবজি বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপমা দাশ।
এ ছাড়া গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তিনটি দল ইপিজেড ও স্টিল মিল বাজারে পৃথক অভিযান চালিয়ে ১১ প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন। খাবারে ভেজাল, অপরিচ্ছন্নতা, মূল্যতালিকা না টানানো, নির্ধারিত দামের চেয়ে পণ্যর দাম বেশি নেওয়ায় এসব জরিমানা করা হয়। অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস, নাসরিন আক্তার, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।