পছন্দ অনুযায়ী কাজ না করায় দণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় পছন্দ অনুযায়ী ফার্নিচার তৈরি না করায় পরিতোষ কুমার (২৬) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী সময়ে স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ঘেরাও ও বিক্ষোভ মিছিল করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, প্রায় এক সপ্তাহ আগে সহকারী কমিশনার (ভূমি) সাদেকুর রহমান ফার্নিচার ব্যবসায়ী পরিতোষের কাছে একটি কাঠের সেলফ তৈরির জন্য অর্ডার দেন। গত শুক্রবার সেই সেলফটি সরবরাহ করা হলে তা সঠিকভাবে করা হয়নি, এমন অভিযোগে সাদেকুর ওই ব্যবসায়ীকে সন্ধ্যায় তাঁর অফিসে ডেকে পাঠান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

সাদেকুরের মুঠোফোনে বারবার কল দিলেও তাঁকে পাওয়া যায়নি।

ইউএনও সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ী পরিমলকে এ সাজা দেওয়া হয়েছিল। ওই ব্যবসায়ী ক্ষমা চাওয়ায় বিষয়টি রাতেই নিষ্পত্তি করা হয়েছে।