পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় লটারি ছাড়াই পছন্দের এক ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্য ঠিকাদারদের প্রতিবাদের মুখে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লটারি বাতিল করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউএনওর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার প্রথম আলোকে বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৬টি কালভার্ট ও সেতু নির্মাণের জন্য কয়েক মাস আগে দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি সেতু ছোট-বড় অনুযায়ী নির্মাণে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। দরপত্র জমা পড়ে প্রায় ১ হাজার ৬০০টি। গতকাল ছিল ঠিকাদারদের উপস্থিতিতে প্রকাশ্যে লটারির দিন। বেলা তিনটার পর ইউএনওর কার্যালয়ে লটারি শুরু হয়। একে একে ১৫টি প্যাকেজের লটারি শেষ করে ইউএনও বলেন, আর কোনো প্যাকেজ নেই, তাই লটারি শেষ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে উপস্থিত ঠিকাদারদের কয়েকজন তাঁর এই বক্তব্যের প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ১৬ নম্বর প্যাকেজের লটারি হয়নি। এ সময় ইউএনও ইবাদত হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খান বলেন, আর কোনো প্যাকেজ নেই। ঠিকাদারেরা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ১৬ নম্বর প্যাকেজের কোনো লটারি হয়নি। একপর্যায়ে দুই কর্মকর্তা বলেন, এই লটারি হয়ে গেছে। কে কাজ পেয়েছেন—জানতে চাইলে ইউএনও একজন ঠিকাদারের নাম বলেন। এ সময় উপস্থিত অন্য ঠিকাদারেরা বলেন, এই নামের কোনো ঠিকাদার দরপত্রে অংশ নেননি। তাঁরা এ নিয়ে হইচই শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে ইউএনও লটারি বাতিল করে ঘটনাস্থল ত্যাগ করেন।
জানতে চাইলে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খান বলেন, ১৬ নম্বর প্যাকেজ নিয়ে কিছুটা ঝামেলা হওয়ায় শেষ পর্যন্ত লটারি বাতিল করা হয়েছে। পরে এটির লটারি হবে।
ইউএনও ইবাদত হোসেনের মন্তব্য জানতে তাঁর সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। পরে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’